কলাপাড়ায় নদী দখলে আ.লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলীবাজারসংলগ্ন শিববাড়িয়া নদী দখল করে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ এবং নদীর জায়গা ভরাট করার অভিযোগ উঠেছে। দুই সপ্তাহ ধরে এই কাজ চলছে। বাজারের ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নদীর দক্ষিণ পাশে চাপলীবাজারে আসা-যাওয়ার জন্য রয়েছে একটি লোহার সেতু। এই সেতুর পূর্ব পাশে শিববাড়িয়া নদীর তীরে জেগে ওঠা চর এবং প্রবহমান খাল খননযন্ত্র দিয়ে ভরাট করে সেখানে প্রায় ৬০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের পাকা ভবন নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে ভবনের মূল ভিত্তির কাজ শেষ হয়েছে। এলাকাবাসী জানায়, যৌথভাবে এই স্থাপনা নির্মাণ করছেন ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং একই এলাকার আওয়ামী লীগের কর্মী হাকিম আলী। এ ছাড়া এর পূর্ব পাশে নদীর কিছু অংশ খননযন্ত্র দিয়ে ভরাট করছেন ধুলাসার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলতান হোসেনের নেতৃত্বে যুবলীগের তিন-চারজন নেতা। সেখানেও পাকা স্থাপনা নির্মাণ করা হবে বলে স্থানীয় ব্যক্তিরা জানান। চাপলীবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরদারাজ জোমাদ্দার বলেন, ‘ক্ষমতার প্রভাব খাটিয়ে নদী ভরাট করে মোস্তাফিজ বহুতল ভবন নির্মাণ করছেন। বাজার কমিটি বাধা দিলেও তিনি কর্ণপাত করছেন না। আমরা প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।’ ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে এম খালেকুজ্জামান বলেন, ‘অবৈধভাবে স্থাপনাটি নির্মাণ করছেন মোস্তাফিজ ভূঁইয়া। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাজার কমিটির লোকজনকে দিয়ে তাঁকে নির্মাণকাজ বন্ধ করার জন্য বলেছি। তিনি কোনো কথা না শুনে কাজ চালিয়ে যাচ্ছেন।’ জানতে চাইলে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমি জানি না কারা এই স্থাপনাটি নির্মাণ করছে। তবে আমার নাম এর সঙ্গে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। আর চেয়ারম্যান সাহেব যদি বলে থাকেন, তাহলে তিনি বিএনপির লোক হিসেবে এটা বলতে পারেন।’ সুলতান হোসেন বলেন, ‘আমিও জানি না আসলে কাজটি কে করছে। এ ঘটনায় আমার নাম ষড়যন্ত্র করে একটি পক্ষ জড়িয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি ইতিমধ্যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়ার জন্য বলেছি।’