কলাপাড়ায় বাংলাদেশ-ডেনমার্ক মৈত্রী সেতুর উদ্বোধন
পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান বলেছেন, জলবায়ুর প্রভাবে ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। আর জলবায়ু পরিবর্তনের কারণে এর বেশি শিকার হচ্ছে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোপেনহেগেনে জলবায়ুবিষয়ক সম্মেলনে সে কথাই তুলে ধরেছেন। গত বুধবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কলাপাড়া-তারিকাটা সড়কের আরপাঙ্গাশিয়া নদীর ওপর নির্মিত ‘বাংলাদেশ-ডেনমার্ক মৈত্রী সেতুর’ উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো.মতিয়ার রহমান, পটুয়াখালীর পুলিশ সুপার শৈবাল কান্তি চৌধুরী, ডেনমার্ক দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার হারুন অর রশীদ প্রমুখ।ডেনমার্ক সরকারের সিডর পুনর্বাসন সহায়তাপুষ্ট প্রকল্পের আওতায় পাঁচ কোটি ৭৮ লাখ ৩৫ হাজার ৩৯৪ টাকায় এই সেতুটি নির্মিত হয়েছে। এর ফলে কলাপাড়া উপজেলার সঙ্গে চাকামইয়া ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী বরগুনার আমতলী উপজেলার সঙ্গে যোগাযোগের এক নতুন দিগন্ত সূচিত হয়েছে।