কলাপাড়ায় বাড়িতে হামলা, লুটপাট আহত ৫
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের এক বাড়িতে গত শুক্রবার বিকেলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘর ভাঙচুর, মালামাল লুট ও বাড়ির বাসিন্দাদের মারধর করেছে। হামলায় পাঁচজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন: বাড়ির মালিক মাহবুব গাজী, শাহীনুর বেগম, কহিনুর বেগম, আসাদুল্লাহ গাজী ও সাইফুল্লাহ গাজী।মাহবুব গাজী অভিযোগ করেন, ‘আসরের নামাজের পর মহিবুল্লাহ গাজী, মোস্তাফিজ গাজীসহ স্থানীয় ৩০-৪০ জন সন্ত্রাসী অতর্কিতে এসে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা লাঠিসোঁটা, রড, রামদা, হকিস্টিক দিয়ে আঘাত করে ঘরের ব্যাপক ক্ষতিসাধন এবং বারান্দার চালের টিন খুলে ফেলেছে। ঘরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও ১২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।’স্থানীয় বাসিন্দা ফেরদৌস হাওলাদার ও মজিবর ব্যাপারি বলেন, ‘একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে ১০-১৫টি মোটরসাইকেলে করে এসে মাহবুব গাজীর বাড়িতে হামলা চালায়।’ তবে এদের মধ্যে জমিজমা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। মহিবুল্লাহ গাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ভাই মোস্তাফিজ গাজী বলেন, ‘আমরা তাঁদের বাড়িঘরে কোনো হামলা করিনি।’