কলাপাড়ায় মজুরির দাবিতে বিক্ষোভ
পটুয়াখালীর কলাপাড়ায় মজুরির দাবিতে বিক্ষোভ করেছে চার শতাধিক শ্রমিক। গতকাল রোববার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ শেষে তাঁরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগের বিবরণ অনুযায়ী, কলাপাড়া উপজেলার ধুলাসার, ডালবুগঞ্জ ও বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তা মেরামত ও খাল খননের জন্য ‘ই আর প্লাস-দুর্যোগ ও জলবায়ু প্রভাব সহন’ শীর্ষক কর্মসূচি নেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিশ্ব খাদ্য কর্মসূচির যৌথ অর্থায়নে মুসলিম এইড-বাংলাদেশ ওই প্রকল্প বাস্তবায়ন করছে। এ জন্য দুই বছরের চুক্তিতে ২ হাজার ৫০০ নারী-পুরুষ শ্রমিককে চুক্তিবদ্ধ করা হয়। দুই বছরের চুক্তি শেষে প্রত্যেক শ্রমিককে ২০ হাজার টাকা দেওয়ার কথা। কিন্তু প্রকল্পের কাজ শেষে মাত্র এক হাজার শ্রমিক বাছাই করে তাঁদের ওই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ফলে চুক্তি মোতাবেক মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন দেড় হাজার শ্রমিক।
শ্রমিকেরা দাবি করেন, প্রত্যেক শ্রমিকের এক মাসের প্রশিক্ষণের ৬৫২.৫০ টাকা ও সাড়ে ২২ কেজি করে চাল বকেয়া আছে। এ ছাড়া নিয়মানুযায়ী প্রত্যেক শ্রমিক প্রতি মাসে তাঁদের নিজেদের পকেট থেকে ৮০ টাকা কর্তৃপক্ষের কাছে জমা রাখছিলেন। এভাবে দেড় থেকে চার হাজার টাকা তাঁদের সঞ্চয় রয়েছে। শ্রমিকদের ওই সঞ্চিত টাকাও দেওয়া হচ্ছে না।
ধুলাসার ইউনিয়নের কাউয়ার চর গ্রামের মতিয়া বেগম বলেন, ‘দুইডা বছর কাম কইর্যা০ গ্রামে গ্রামে রাস্তাঘাট বানছি। খাল কাটছি। এ্যাহন হুনি টাহা দেবে না।’ চর গঙ্গামতি গ্রামের কোহিনুর বেগম বলেন, ‘মোরা গরিব মানুষ। দুই বছর পর ভালো টাহা পামু হেই আশায়ই তো কাম করছি। মোরা কষ্ট করলাম, অথচ টাহা দেবে না, এইডা ক্যামন কতা? মোরা এইয়ার বিচার চাই।’
ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম সিকদার বলেন, ‘আমার ইউনিয়নে ৮৫০ জন শ্রমিক কাজ করলেও ৩৪০ জনকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মুসলিম এইড ইউকের পটুয়াখালীর সমন্বয়কারী এজাহার আহমেদ বলেন, ‘আমরা মাঠপর্যায়ে জরিপ করে এই তালিকা করেছি। প্রথম দফায় এক হাজার শ্রমিককে তাঁদের পাওনা পরিশোধের চিঠি দিয়েছি। তা ছাড়া সরকার টাকা না দিলে আমাদের কী করার আছে।’
এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান বলেন, নিয়ম অনুযায়ী কাজের তদারিক করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে দুস্থ, প্রতিবন্ধী, বিধবা ও অসচ্ছল শ্রমিকদের বাছাই করে পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।