কলাপাড়ায় যুবদলের দুই নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যুবদলের দুজন নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাঁরা হলেন: উপজেলা যুবদলের সভাপতি গাজী আক্কাস উদ্দিন ও পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। গত শুক্রবার রাতে শহরের সদর রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। উপজেলা যুবদল এ ঘটনার জন্য ছাত্রলীগের সন্ত্রাসীদের দায়ী করেছে।উপজেলা যুবদলের সভাপতি গাজী আক্কাস উদ্দিন বলেন, ‘আমরা কয়েকজন নেতা-কর্মী শহরের পোস্ট অফিসের সামনে বসে গল্প করছিলাম। এ সময় আমাদের এক কর্মী এসে জানান, ছাত্রলীগের সন্ত্রাসীরা দলবল নিয়ে হামলা করার জন্য আসছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ও রফিক সদর রোড দিয়ে একটি অটোরিকশায় করে বাসায় ফিরছিলাম। তিনি অভিযোগ করেন, কিছুদূর যাওয়ার পরেই পেছন থেকে ছাত্রলীগের হাসিব গাজী, রাজিব, অভি গাজী, রাতুলসহ ১০-১২ জন সন্ত্রাসী বগি, রামদা ও লাঠি নিয়ে হামলা চালান। একপর্যায়ে তাঁরা বগি দিয়ে এলোপাতাড়ি অটোরিকশার ওপর কোপাতে থাকেন। এ সময় তাঁদের ধারালো অস্ত্রের কোপ গাজী আক্কাস উদ্দিনের ডান হাতে লাগে। আর কোপে রফিকুল ইসলামের মাথা ও পিঠে জখম হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কলাপাড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিব গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। তা ছাড়া এটা কোনো রাজনৈতিক ঘটনাও নয়। অভি গাজীর সঙ্গে আক্কাস গাজীর পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। তাঁরাই এ ঘটনা ঘটাতে পারে।’কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’