পটুয়াখালীর কলাপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও পৌর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি কবিরুল ইসলাম মৃধার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত রোববার বিকেলে ও রাতে এই দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটে। গত সোমবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বেশ কিছু দোকানপাট ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার কলাপাড়ায় বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাতিল করা হয়েছে। এদিকে মির্জাগঞ্জ উপজেলায় গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সশস্ত্র মহড়া ও উপজেলা যুবদলের আহ্বায়কের কার্যালয় দখলের ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য উপজেলা বিএনপি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দায়ী করেছে। দলীয় সূত্র জানায়, কলাপাড়ার মৎস্য বন্দর আলীপুর বাজারে গত রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা লাঠিসোটা দিয়ে হারুনকে বেধড়ক পেটায়। একপর্যায়ে ইট দিয়ে হারুনের দুটি পা থেঁতলে দেয়। মারধরের পর সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে রাতে তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।এদিকে রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় পৌর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি কবিরুল ইসলাম মৃধার ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা কবিরকে টেনে-হিঁচড়ে নির্মাণাধীন পৌরভবনের সামনে নিয়ে যায়। সেখানে রড দিয়ে তাঁর দুই হাঁটুতে আঘাত করে। পরে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া গত সোমবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে বিএনপি সমর্থিত পাঁচ-ছয়জনের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। কলাপাড়া বিএনপির সভাপতি এ বি এম মোশাররফ হোসেন এসব ঘটনার জন্য ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দায়ী করে বলেন, ‘কলাপাড়ায় ২৭ অক্টোবর কেন্দ্রঘোষিত উপজেলা পর্যায়ের কর্মসূচি ছিল। ওই কর্মসূচি বানচালের জন্যই তারা আমাদের নেতা-কর্মী ও ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছে।’ উদ্ভূত পরিস্থিতি আজকের বিক্ষোভ কর্মসূচি বাতিলকরা হয়েছে বলেজানান মোশাররফ হোসেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসাহাক আলী জানান, রোববার রাতে শহরে সন্ত্রাসী হামলার খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান বিএনপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে পাল্টা অভিযোগ করেন, রোববার রাতে বিএনপির সন্ত্রাসীরা তাদের তিন কর্মীর ওপর চোরাগুপ্তা হামলা চালিয়ে আহত করেছে। মির্জাগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ পিন্টু প্রথম আলোকে বলেন, সোমবার সকাল থেকে মির্জাগঞ্জ উপজেলা শহরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা শহরে মোটরসাইকেল মহড়া দেওয়াসহ ত্রাস সৃষ্টি করে। বেলা ১২টা থেকে দুইটা পর্যন্ত এই মহড়া চলে। এ সময় সন্ত্রাসীরা সুবিদখালী ডিগ্রি কলেজ সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের নিজস্ব কার্যালয় দখল করে। এর ফলে তাঁরা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারছেন না। বিএনপির অভিযোগ অস্বীকার করে মির্জাগঞ্জ আওয়ামী লীগের সভাপতি কাজী মোখলেছুর রহমান বলেন , ‘আসলে এখানে অনেক আগেই আমাদের দলীয় কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল। বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে আমাদের কর্মসূচি বানচালের জন্য পাল্টা কর্মসূচি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে। অফিস দখল তাদের দলীয় কোন্দল।’ মির্জগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আক্তার মোর্শেদ জানান, পরিস্থিতি এখন শান্ত।