পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সদরে ব্রিটিশ আমলে নির্মিত কলোনাইজেশন কর্মকর্তার বাংলোটি নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। উপজেলা ভূমি কার্যালয় গতকাল বুধবার স্থাপনাটি নিলামে দেন। শত বছরের ঐতিহ্য ধরে রাখতে বাংলোটির আদল নষ্ট না করে নতুন ইমারত নির্মাণ করার দাবি জানিয়েছেন গণফোরাম কলাপাড়ার সভাপতি উসুয়ে হাওলাদার, কমিউনিস্ট পার্টির নাসির তালুকদার, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য মেঘনাথ সাহা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কলাপাড়ার সভাপতি শামসুল আলম, সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক মনজুর রহমান।উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, সর্বোচ্চ দুই লাখ টাকা ডাকে স্থানীয় ব্যবসায়ী সেলিম হাওলাদার ভবনটি কিনে নিয়েছেন। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ১৯০৭ সালের গোড়ার দিকে কলাপাড়াকে কলোনাইজেশন এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়। সে সময়ই এই বাংলোটি নির্মিত হয় এবং কলোনাইজেশন কর্মকর্তারা এই বাংলোতেই থাকতেন। পাকিস্তান আমলে আবাসিক হাকিম (আরএম), স্বাধীনতার পর থানা হাকিম (টিএম) এবং উপজেলা হওয়ার পর বিচারকেরাও আবাসিক ভবন হিসেবে বাংলোটি ব্যবহার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘পুরোনো কাঠামো ঠিক রেখে যাতে ভবনটি নির্মিত হয়, সে ব্যাপারে আমারও চেষ্টা থাকবে।’