কলাপাড়ায় সদস্য প্রার্থীসহ চারজনকে কারাদণ্ড, আটক ৫
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গত শুক্রবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচজনকে আটক করা হয়েছে।টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া সাইক্লোন শেল্টার কেন্দ্রে টাকা দিয়ে ভোট কেনার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। তাঁরা হলেন, ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী দুলাল মাতুব্বর (৪০) ও তাঁর সমর্থক কানাই লাল সাহা। নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁদের এই দণ্ড দেন।একই অভিযোগে উপজেলার ধুলাসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোশতাক আহমেদের ছোট ভাই হুমায়ুন কবিরকে (৪০) সাত দিন ও তাঁর ভাগ্নে সাইদুল ইসলামকে (২৪) তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এ দণ্ডাদেশ দেন।বেলা আড়াইটার দিকে নীলগঞ্জ ইউনিয়নের মোস্তাফাপুর বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজনকে আটক করেন পুলিশ সুপার মো. আজাদ মিয়া। তাঁরা হলেন গনি শরিফ, আবদুর রহমান, রুজেল ও মনিরুল ইসলাম।