কলাপাড়ায় সন্ত্রাসী হামলা আটটি বসতঘর তছনছ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের আটটি বসতঘরে সন্ত্রাসীরা হামলা-ভাঙচুর চালিয়েছে। সন্ত্রাসীরা ঘরগুলো রামদা দিয়ে কুপিয়ে নষ্ট করেছে। গত শুক্রবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, খেপুপাড়া নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি মহব্বত ও লেমুপাড়া গ্রামের যুবলীগের নেতা কামাল তালুকদারের নেতৃত্বে এই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সরেজমিনে লেমুপাড়া গ্রামের আলমগীর হোসেন, রফিক লাট, রোকেয়া বেগম, শফিক লাট, আবদুস ছত্তার, রাজিয়া বেগম, তাছলিমা বেগম ও জামাল হোসেনের বসতঘরে হামলা-ভাঙচুরের চিহ্ন দেখা গেছে। সন্ত্রাসীরা এ সময় ক্ষতিগ্রস্তদের ঘর থেকে টাকা, স্বর্ণালংকার, আসবাব, হাঁস-মুরগিসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে ওই সব পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে কারা হামলার সঙ্গে জড়িত, ক্ষতিগ্রস্তরা ভয়ে তা বলতে রাজি হচ্ছেন না।
হামলার শিকার সাবিনা বেগম বলেন, ‘স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা সুদে আইন্যা ঘরে রাখছেলাম, হামলাকারীরা হেই টাহা লুট কইর্যা লইয়া গ্যাছে।’ ক্ষতিগ্রস্ত রোকেয়া বেগম বলেন, ‘৫০ বছর ধইর্যা এই গ্রামে বসবাস করছি। কোনদিন কোনো সমস্যা অয় নাই। কিন্তু আইজগো মোগো সব শ্যাষ কইর্যা দেছে। সন্ত্রাসীরা সাত-আটটা মোটরসাইকেলে হঠাৎ কইর্যা আইয়া বাড়ির মধ্যে হাইন্দা ভাঙচুর চালায়। সন্ত্রাসীরা রামদা দিয়া কোপাইয়া ঘর-দুয়ার সব ঝাঁঝরা কইর্যা দেছে। হাঁস-মুরগি পর্যন্ত লুট কইর্যা লইয়া গ্যাছে।
খেপুপাড়া নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি মহব্বত উল্লাহ বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। কেউ আমার নাম বলে থাকলে তা শত্রুতাবশত বলেছে।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, হামলার ঘটনা শুনেই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে কাউকে পাওয়া যায়নি। অবশ্যই এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।