কলাপাড়ায় সরকারি গাছ কেটে নিলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের হাড়িপাড়া এলাকা থেকে গত তিন দিনে ছয়টি রেইনট্রি গাছ কেটে নেওয়া হয়েছে। এসব গাছ বালিয়াতলী স্টেশনের একটি করাতকল থেকে গত রোববার জব্দ করা হয়েছে। এলাকাবাসী বলছেন, উপজেলা আওয়ামী লীগের একজন নেতা গাছগুলো কেটে নিয়েছিলেন। গত রোববার সরেজমিনে দেখা গেছে, হাড়িপাড়ায় কেটে নেওয়া গাছের গোড়া পড়ে রয়েছে। এলাকাবাসী জানান, তিন দিন ধরে ওই গাছগুলো উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান আট-দশজন শ্রমিক দিয়ে কেটে নিয়েছেন। ৩০ বছর আগে কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের উভয় পাশে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসব গাছ লাগানো হয়। এ ব্যাপারে মাহবুবুর রহমান বলেন, ‘কে বা কারা গাছ কেটে নিয়েছে তা আমি জানি না। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু লোক হয়তো আমার নাম বলেছে।’বালিয়াতলী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘গাছ কাটার বিষয়টি ইউনিয়ন পরিষদের দফাদার আমাকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি তা অবহিত করি।’ তিনি বলেন, ‘শুনেছি কলাপাড়ার মাহবুব নামের এক ব্যক্তি গাছগুলো কেটেছেন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাছগুলো জব্দ করা হয়েছে। ইউনিয়ন পরিষদকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’