কলাপাড়ায় সাত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আঞ্চলিক পত্রিকার সম্পাদকসহ সাতজন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। গতকাল শনিবার কলাপাড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন আইনজীবী জালাল উদ্দিন তালুকদার।
মামলার আসামিরা হলেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল আলম ফরিদ, নির্বাহী ও বার্তাপ্রধান আহমেদ জালাল, দৈনিক দখিণের মুখ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন হাফিজ ও প্রকাশক রেশমা ইয়াসমিন, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার স্থানীয় প্রতিনিধি এস কে রঞ্জন, দৈনিক দখিণের মুখ পত্রিকার স্থানীয় প্রতিনিধি কবির তালুকদার এবং দৈনিক যায়যায়দিন ও বরিশালের প্রথম সকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি চঞ্চল সাহা।
মামলার আরজিতে বাদী জালাল উদ্দিন তালুকদার উল্লেখ করেছেন, আসামি এস কে রঞ্জন, কবির তালুকদার এবং চঞ্চল সাহা গত ৮ সেপ্টেম্বর কলাপাড়ার সহকারী কমিশনারের (ভূমি) নাম করে তাঁর (জালাল তালুকদারের) নির্মাণাধীন পাকা ভবনের রাজমিস্ত্রি দুলালের কাছে এক লাখ টাকা চাঁদা চেয়েছেন। নইলে পাকা ভবন করতে দেবেন না বলে আসামিরা বলেছেন। আসামিরা ২২ এবং ২৩ সেপ্টেম্বর অন্যায়ভাবে এবং পরিকল্পিতভাবে এ নিয়ে যে খবর পত্রিকায় প্রকাশ করেছেন, তাতে মামলার বাদী জালাল উদ্দিন তালুকদার মর্মাহত হয়েছেন। এতে তাঁর পাঁচ লাখ টাকার মানহানি হয়েছে।
কলাপাড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বেঞ্চ সহকারী মো. আরিফুজ্জামান রাসেল বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন।
এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় পটুয়াখালী প্রেসক্লাব, কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি এবং মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখা তীব্র নিন্দা জানিয়েছে।