কলাপাড়ায় সাবেক বিচারকের বাড়ির জমি দখলের চেষ্টা
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নেছারাবাদ সড়কে সাবেক জেলা ও দায়রা জজ প্রয়াত মো. সিরাজুল ইসলামের বাড়ির জায়গা দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে জমির মালিকানা দাবি করে দখলকারী ব্যক্তিরা জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করেন। এ সময় বাধা দেওয়ায় ভাড়াটিয়া মো. শাহআলম খানের ঘরের আসবাব ভাঙচুর করা হয়। মরহুম মো. সিরাজুল ইসলামের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু মুঠোফোনে বলেন, ওই জমিতে আদালতের স্থিতাবস্থা রয়েছে। পৌর কাউন্সিলর হাসান সিকদার ও ছাত্রলীগের নেতা নাসিরউদ্দিন সোহাগের নেতৃত্বে দলবল নিয়ে জোরপূর্বক তারকাটা ভেঙে জমি দখলের জন্য ঘর তোলার চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি তাত্ক্ষণিক পুলিশকে অবহিত করা হয়েছে।তবে পৗর কাউন্সিলর হাসান সিকদার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সোহাগ দখলকাজে সহযোগিতার অভিযোগ অস্বীকার করেছেন। হাসান সিকদার বলেন, স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন। নাসিরউদ্দিন সোহাগ বলেন, দখলের খবর পেয়ে যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই তিনি সেখানে গিয়েছিলেন। দখলের চেষ্টাকারী আলী আজম বলেন, ওয়ারিশসূত্রে এই জমির মধ্যে তাঁদের এক একর ২০ শতাংশ জমি রয়েছে। কলাপাড়া থানার ওসি মো. ইসাহাক আলী জানান, খবর পেয়ে তাত্ক্ষণিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে দখল-প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।