কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড ও টিয়াখালী ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলো মোহাম্মদ সানি (১৭), মো. হুলমায়ূন কবির (১৮), শাকিল (১৫) ও রাব্বি হাসান (১৪)। এদের মধ্যে মোহাম্মদ সানি এ বছর খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে কারিগরি শাখায় এসএসসি পাস করেছে।
নিহত মোহাম্মদ সানির বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে, শাকিলের বাড়ি একই ইউনিয়নের পূর্ব গৈয়াতলা এবং মো. হুামায়ূন কবিরের বাড়ি মজিদপুর গ্রামে। আর নিহত রাব্বি উপজেলার টিয়াখালী ইউনিয়নের টেপুরা গ্রামের জাহাঙ্গীর চৌকিদারের ছেলে। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শী ও কলাপাড়া থানা-পুলিশ সূত্র জানায়, নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ গ্রাম থেকে মোহাম্মদ সানি মোটরসাইকেল চালিয়ে কলাপাড়া শহরের দিকে যাচ্ছিল। সানির মোটরসাইকেলে বসা ছিল তার বন্ধু মো. হুেমায়ূন কবির ও শাকিল। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় চালক সানি দুপুর আড়াইটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা নিউ সুগন্ধা পরিবহনের একটি বাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সানি এবং আরোহী শাকিল মারা যায়। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর আরোহী মো. হুটমায়ূন কবির। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং বেলা তিনটার দিকে হুটমায়ূন কবির মারা যান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এ নিয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে ভগ্নিপতি রাকিবুল ইসলামের বাড়িতে বেড়াতে এসে রাব্বি হাসান গতকাল সকালে বাড়ির সামনে রাখা একটি ভ্যান চালানোর চেষ্টা করে। এ সময় অসাবধানবশত নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে রাব্বি ভ্যানের নিচে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিকভাবে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।