কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত, আহত ৭
পটুয়াখালী-কলাপাড়া সড়কের বিশকানি এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় টমটম ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলো, জাকির হোসেন (৩৫), হাওয়া বেগম (২), আবুল কালাম (১০), রুবেল (১৪), শাহীন (৩০) ও পত্রিকার হকার রাকিবুল (১০)। এই দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে আবদুল হককে (৩৫) গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নাসির উদ্দিন খান (২৯), এনায়েত করিম (২৭), জাফর আহমেদ খান (২৬) ও সাইফুল ইসলামকে (২২) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইনস্যুরেন্স কোম্পানির একটি মাইক্রোবাস পিকনিক শেষে কুয়াকাটা থেকে বরিশালে ফিরছিল। বিশকানি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারায় আরও দুজন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসাহাক আলী জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও টমটমটি পুলিশ আটক করেছে। তবে চালকদের গ্রেপ্তার করা যায়নি।