কলাপাড়ায় ১০ গ্রাম প্লাবিত, কুয়াকাটার বাঁধে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলাপাড়ার মহিপুরের নিজামপুর গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। ছবি: প্রথম আলো
কলাপাড়ার মহিপুরের নিজামপুর গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। ছবি: প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়ায় দুদিন ধরে প্রবল বর্ষণে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। আর উপজেলার কুয়াকাটার শহররক্ষা বাঁধটির অনেক জায়গা নষ্ট হয়ে গেছে। এতে এ পর্যটন শহরটিতে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

কলাপাড়ার রাবনাবাদ ও আন্ধারমানিক নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া ও মহিপুর ইউনিয়নের নিজামপুর এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কিছু অংশ নতুন করে ভেঙে গেছে। এর ফলে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে পুরান মহিপুর, নিজামপুর, কোমরপুর, সুধিরপুর, চাড়িপাড়া, বানাতিপাড়া, পশরবুনিয়াসহ অন্তত ১০টি গ্রাম। কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। সাগরের ঢেউয়ের ঝাপটায় কুয়াকাটা সৈকতের শামুক-ঝিনুক, পান-চা, শুঁটকি মাছ বিক্রির দোকান এবং মাছ ফ্রাই করে বিক্রির বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুয়াকাটার একাধিক বাসিন্দা জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় গতকাল বৃহস্পতিবার রাতে এবং আজ শুক্রবার দুপুরের দুই দফা জোয়ারের তাণ্ডবে কুয়াকাটার মিরাবাড়ি পয়েন্টের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এ বাঁধের সাগরের দিকের ঢালসহ মূল বাঁধের ওপরের অংশের ৯০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ফের জোয়ারের ঝাপটায় পুরো বাঁধটি বিলীন হয়ে কুয়াকাটা পৌর এলাকা প্লাবনের শঙ্কা দেখা দিয়েছে। প্রবল জোয়ারের কারণে তছনছ হয়ে গেছে দীর্ঘ সৈকতের বেলাভূমি।
কুয়াকাটার ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন বলেন, ‘সকালের হঠাৎ জোয়ারে সাগরপাড়ের বালুচরের দোকানগুলো পানির চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের মালামাল পানিতে ভিজে নষ্ট হয়েছে। এতে প্রত্যেকেরই ১০-১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাবনাবাদ নদের পাড়ের চাড়িপাড়া গ্রামের মানুষের আমন খেত এখন পানির নিচে। ভাঙা বাঁধ সরকারিভাবে মেরামত না করায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে স্থানীয় কৃষকেরা বিকল্প রিং বাঁধ করে আমনের আবাদ করেছিলেন। বৃহস্পতিবার রাতের অস্বাভাবিক জোয়ারের তোড়ে বাঁধটির তিনটি অংশে ভেঙে গেছে। জোয়ারের প্লাবনে এ এলাকার শুধু আমন খেত নয়, গোটা এলাকা ভাসছে। আমন আবাদের স্বপ্নে বিভোর থাকা এই কৃষকেরা এখন দিশেহারা। হাজারো কৃষকের আমন ফসল ঘরে তোলার স্বপ্ন নষ্ট হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য মো. মজিবর রহমান হাওলাদার বলেন, এখন জোয়ার-ভাটার পানি ওঠা-নামায় অন্তত ৩০০ একর জমির আমন ফসল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘আবহাওয়া খুবই খারাপ। কুয়াকাটার পৌর এলাকার বাঁধটি নাজুক অবস্থায় আছে। দ্রুতই এর মেরামতে ব্যবস্থা নেওয়া হবে।’