কলাপাড়ায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের কলাপাড়া-নীলগঞ্জ এলাকায় আন্ধারমানিক নদের ওপর সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় নদের পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।গতকাল সোমবার সকাল থেকে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কলাপাড়া থানার পুলিশের সহায়তায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পটুয়াখালী-কুয়াকাটা সড়কের কলাপাড়া ফেরিঘাট থেকে উত্তর দিকে নাচনাপাড়া চৌরাস্তা পর্যন্ত অংশে সড়কের পশ্চিম পাশে সওজের জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এখানকার অন্তত দুই কিলোমিটার জায়গার বিভিন্ন অংশে চা-পানের দোকান, খাবার হোটেল, ওষুধের দোকান, খুচরা যন্ত্রাংশের দোকান ও কারখানা, আবাসিক স্থাপনা গড়ে উঠেছিল। সেতু নির্মাণকাজের জন্য অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালী সওজের উপবিভাগীয় প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, আন্ধারমানিক নদের ওপর সেতু নির্মাণকাজের জন্যই নদের পাড়ের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হয়েছে। এ সেতুর নির্মাণকাজ শেষ হলে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় যাতায়াতে দর্শনার্থীদের ভোগান্তি কমে যাবে এবং এ এলাকার আর্থসামাজিক ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আসবে। ১৫ দিন হলো সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে।