কলাবাগান মাঠে বৈশাখী মেলা শুরু ১১ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে কলাবাগান মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করছে বাংলামা গ্রুপ। আগামী ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। 

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান বাংলামা গ্রুপের চেয়ারম্যান নূপুর ঘোষ।
তিনি বলেন, বাংলার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে আমরা এই মেলার আয়োজন করতে যাচ্ছি। মেলায় ৬৪টি জেলার বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যকে উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, এই মেলায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৫ জন গুণী শিল্পী এবং ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হবে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব বৈসাবি পালন করা হবে বলেও জানান তিনি।
মেলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন কাওয়ালি, কবি গান, পুথি গান, লাঠি খেলা, নাগরদোলা, বায়োস্কোপসহ নানা আয়োজন থাকছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলামা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সঞ্জয় ঘোষ, প্রকল্প পরিচালক মো. মাহফুজ, কর্মকর্তা সাগর রায়, প্রশান্ত দাস প্রমুখ।