কলাবাগান শিশুপার্ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলাবাগান শিশুপার্কের ভেতরে অযত্ন–অবহেলার ছাপ স্পষ্ট l ছবি: জাহিদুল করিম
কলাবাগান শিশুপার্কের ভেতরে অযত্ন–অবহেলার ছাপ স্পষ্ট l ছবি: জাহিদুল করিম

কলাবাগান মাঠ ও ওয়াসার পানির পাম্পের মাঝে পড়ে গেছে কলাবাগান শিশুপার্ক। গাছপালা ও ঝোপঝাড়ের মতো জায়গাটিতে কমলা রঙের একটি গেট। ভেতরে ঢুকে বিভিন্ন কাঠামো দেখে বোঝা গেল, এটি একটি শিশুপার্ক। রাইডগুলো নষ্ট, আবর্জনায় ভরা। শিশুদের জন্য হলেও তাদের আনাগোনা কম।

কলাবাগান শিশুপার্কের ভেতরে অযত্ন–অবহেলার ছাপ স্পষ্ট l ছবি: জাহিদুল করিম
কলাবাগান শিশুপার্কের ভেতরে অযত্ন–অবহেলার ছাপ স্পষ্ট l ছবি: জাহিদুল করিম

গতকাল দেখা যায়, পার্কের কোথাও সাইনবোর্ড নেই। কিন্তু পাশের পানির পাম্পের গেটে লেখা ‘কলাবাগান শিশুপার্ক পানির পাম্প’। পার্কে ছেলেরা ক্রিকেট খেলছে। তরুণ-তরুণীরা বসে আছেন এদিক-সেদিক। পার্কটি খুব বেশি বড় নয়।

পার্কের প্রবেশপথ আবর্জনায় ভরা
পার্কের প্রবেশপথ আবর্জনায় ভরা

শিশুদের খেলার জন্য স্লিপার, সি-সো, দোলনাসহ বেশ কিছু রাইড আছে। লোহার জাল দিয়ে ঘেরা গ্রিনহাউস মাকড়সা ও আবর্জনায় ছাওয়া। অনেক জায়গায় জাল ছিঁড়ে ঝুলে পড়েছে। দরজাটিও ভাঙা। একটি কৃত্রিম লেক আছে। তবে তাতে পানি নেই। আবর্জনা ভর্তি। লেকে নামার সিঁড়িটি কোথাও কোথাও ফেটে গেছে। সাদা-লাল রং করা কাঠের কিছু কাঠামোর পাশে ঝরাপাতা পোড়ানো হয়েছিল। সেই আগুনে ওই কাঠের অনেকাংশই পুড়ে গেছে। পুরো পার্কজুড়ে আবর্জনা। দেখলে মনে হবে না এখানে কেউ পরিষ্কার করতে আসে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হোসেন সেখানে ক্রিকেট খেলছিলেন। তিনি বলেন, ‘ক্লাস শেষে বন্ধুরা মিলে একটু খেলি। জায়গাটা একটু ভেতরে। এদিকে যাতায়াত না থাকলে এটা কারও চেনার কথা না।’
ধানমন্ডি লেকের উন্নয়ন প্রকল্প হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২০১২ সালে পার্কটি নির্মাণ শুরু করে ২০১৪ সালে শেষ করে। কিন্তু তিন বছরের মাথাতেই পার্কটির অবস্থা বেহাল। পার্কের বাইরের ফুটপাতে ছিন্নমূলদের বসবাস। গতকাল দেখা যায়, একজন রান্না করছেন। পার্কেও নিজেদের কিছু জিনিসপত্র রাখছেন তাঁরা। নিতাই বড়ুয়া কলাবাগানেই থাকেন। পার্কটি সম্পর্কে তিনি বলেন, এটার ব্যাপারে মানুষ কম জানে। ভার্সিটির ছেলেপেলে আর রাস্তার বাচ্চারা মূলত যায়।
ডিএসসিসি অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী আবুল হাসেম বলেন, কনসালট্যান্ট নিয়োগ করা হয়েছে। হয়তো দুই মাসের মধ্যেই কাজ ধরা হবে। নির্মাণের তিন বছরের মাথায় একটি পার্কের বেহাল অবস্থা নিয়ে তিনি বললেন, সংরক্ষণের অভাবে এই অবস্থা হয়েছে।