কলাবাগানে অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গ্রিন রোড এলাকার একটি বাসায় গতকাল শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আরমানুজ্জামান চৌধুরী (৪০), তাঁর স্ত্রী লিথি (৩৫) ও ছেলে তুমান (৪)।
গতকাল রাত পৌনে নয়টার দিকে গ্রিন রোডের একটি বাড়ির ছয়তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক প্রথম আলোকে বলেন, ওই ফ্ল্যাটের ড্রয়িংরুমে আগুনের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানকার টিউব লাইটে আগুন ধরে থাকতে পারে। এতে তিনজন আহত হন।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আগুনের ফলে আরমানুজ্জামানের পিঠ, তাঁর স্ত্রীর দুই হাত, তাঁর ছেলের শরীরের পেছনের কিছু অংশ পুড়ে গেছে। চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।