কলাবাগানে আলোর রোশনাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোর রোশনাইয়ে ঝলমল করছে কলাবাগান ক্রীড়া চক্র মাঠের দুর্গামণ্ডপ। মাঠের উত্তর প্রান্তে মণ্ডপ। দেয়াল আর চূড়ায় ঐতিহ্যবাহী মন্দিরের কারুকাজ। তার ওপর ফেলা হয়েছে রংধনুর সাত রঙের আলো। আলোর প্রক্ষেপণে পুরো মণ্ডপে এক দৃষ্টিনন্দন বর্ণ বিভার সৃষ্টি হয়েছে। দেবীদর্শনে এসে ভক্তেরা দলে দলে মণ্ডপের নানা পাশে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ছবি তোলায়। গতকাল বুধবার মহাষ্টমীর সন্ধ্যায় দেখা গেল এই দৃশ্য।
কলাবাগান মাঠে শারদীয় দুর্গাপূজার আয়োজন করছে ধানমন্ডি সর্বজনীন পূজা উদ্যাপন কমিটি। এবার নবমবারের মতো দুর্গাপূজা হচ্ছে এখানে। ধানমন্ডি এলাকায় কোনো মন্দির নেই। পূজা উদ্যাপন কমিটির কোষাধ্যক্ষ বিশ্বজিৎ রায় জানালেন, কলাবাগান ক্রীড়া চক্র তাদের মাঠটি সৌজন্যমূলক পূজার জন্য ব্যবহার করতে দেন। তবে পূজার পরে তাঁরা নিজ দায়িত্বে মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেন। তিনি জানালেন, এবার মণ্ডপের সাজসজ্জা বিশেষ করে আলোকসজ্জায় নতুনত্ব আনা হয়েছে। ভক্তরাও দেবীদর্শনে এসে মণ্ডপের আলোকসজ্জাকেই এবারের প্রধান আকর্ষণীয় বিষয় বলে জানালেন।
কলাবাগানের প্রতিমা করা হয়েছে চিরাচরিত সাবেকি ঘরানার প্রতিমা আঙ্গিকেই। এখানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের জন্যও আলাদা বেদি করা হয়েছে। প্রতিমা দেখে মুগ্ধ সজল সরকার। বাসা বাড্ডায়। স্ত্রী মঞ্জুলা বিশ্বাস ও মেয়ে পারমিতাকে নিয়ে বিকেলে বেরিয়েছেন প্রতিমা দেখতে। বাড্ডা, রামপুরা, বনানী হয়ে এসেছেন কলাবাগানে। বনানী ও কলাবাগানে মণ্ডপের জাঁকজমক অনেক বেশি। তবে আলোকসজ্জা ও প্রতিমার ক্ষেত্রে এগিয়ে আছে কলাবাগান। এখানকার প্রতিমাই সব থেকে সুন্দর লেগেছে তাঁদের কাছে।
যোগাযোগব্যবস্থা তুলনামূলক সহজ বলে প্রতিবছরই প্রচুর ভক্তের সমাবেশ ঘটে কলাবাগানের মাঠে। মাঠের সামনেই একটি পদচারী-সেতু। আলোয় আলোয় সাজিয়ে পদচারী-সেতুটিকেই একটি বিশাল তোরণে পরিণত করেছেন আয়োজকেরা। সন্ধ্যার পর অনেক দূর থেকেই চোখে পড়ে সেতুটি। মাঠের ভেতরের সাজসজ্জাও চমৎকার। লোকসমাগম প্রচুর তাই সবার স্থান হচ্ছে না মণ্ডপের ভেতরে। পাশেই আলাদা একটি মঞ্চ করা হয়েছে। সেখানে বিশাল ডিজিটাল পর্দায় দেখানো হচ্ছে দেবী প্রতিমা। সন্ধ্যা আরতির দৃশ্য। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে সন্ধ্যা থেকে। গতকাল সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীদের তালিকায় ছিলেন কনকচাঁপা, বিমান চন্দ্র মিস্ত্রি, রিংকু, চম্পা বণিকসহ অনেকে।
গতকাল সকালে ছিল মহাষ্টমী বিহিত পূজা, অঞ্জলি নিবেদন। সকালে রামকৃষ্ণ মিশন মঠে হয়েছে কুমারীপূজা। এ ছাড়া রাজধানীর সব মন্দিরে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। কালবাগান মাঠের মণ্ডপে সারা দিনে আট হাজারের বেশি প্যাকেট মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে বলে জানান আয়োজকেরা। সন্ধ্যায় ছিল সান্ধ্য পূজা। আজ বৃহস্পতিবার হবে মহানবমী ও বিজয়া দশমী বিহিত পূজা। বিসর্জন শুক্রবার।