রাজধানীর কলাবাগানে জাকিয়া সুলতানা ওরফে তানু (৩৫) নামের একজন গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে পুলিশ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জাকিয়ার ভাই বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আসামিদের মধ্যে জাকিয়ার স্বামী মতিউর রহমানসহ দুজন পলাতক। অন্য একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতিউর রহমান ধানমন্ডি সাত নম্বর রোডের পরমা কমিউনিটি সেন্টারের মালিক।কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার বলেন, স্বামী মতিউর রহমান ও দুই সন্তানের সঙ্গে সেন্ট্রাল রোডের একটি বাড়ির ছয়তলা বাসায় থাকতেন জাকিয়া। গত শুক্রবার রাত আটটার দিকে মতিউর রহমান জাকিয়ার বোন শাহনাজকে ফোন করে জানান, জাকিয়া ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। শাহনাজ পুলিশকে এ খবর দেন। তার ভিত্তিতে পুলিশ ওই বাসায় গিয়ে দেখে, জাকিয়া বাসার ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন। এ সময় বাসায় জাকিয়ার দুই সন্তান ছাড়া কেউ ছিল না। এসআই বলেন, প্রাথমিক তদন্তে একে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, মারধর করে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য জাকিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। আত্মহত্যা হলে মাথা ডান অথবা বাম পাশে ঝোলানো থাকত। কিন্তু জাকিয়ার তা ছিল না। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।এসআই বলেন, এ ঘটনায় জাকিয়ার ভাই শাকিব উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলার আসামিরা হলেন: জাকিয়ার স্বামী মতিউর রহমান, মতিউরের ভাগনে স্বপন খান ও মতিউরের মালিকানাধীন কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক নূরুল ইসলাম। তাঁদের মধ্যে স্বপন খানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন পলাতক। শাকিব উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ১৯৯৯ সালে মতিউর রহমানের সঙ্গে জাকিয়ার বিয়ে হয়। ধানমন্ডিতে মতিউরের একটি কমিউনিটি সেন্টার রয়েছে। বিয়ের পর মতিউর প্রায় সময় নেশাগ্রস্ত হয়ে রাত করে বাসায় ফিরতেন। এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এ জন্য মতিউর জাকিয়াকে প্রায় সময় হত্যার হুমকি দিতেন। শাকিব উদ্দিনের অভিযোগ, এসবের জের ধরে গত শুক্রবার রাতে স্বপন ও নূরুল ইসলামের সহযোগিতায় জাকিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করেন মতিউর।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে যাত্রাবাড়ীর শেখদী এলাকার একটি বাসা থেকে সুমন হোসেন (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দাম্পত্য কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।