কলাবাগানে বিদ্যুৎ বিভ্রাট চলবে আরও কয়েক দিন
রাজধানীর কলাবাগান ও আশপাশের এলাকায় প্রায় ২৫ দিন ধরে যে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট চলছে, তা আরও কয়েক দিন অব্যাহত থাকবে। আগামী শনি-রোববার নাগাদ ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সূত্রে জানা গেছে।
ডিপিডিসির সূত্র জানায়, বিদ্যুৎ বিভ্রাটে পড়া কলাবাগান ও তার আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় মগবাজার উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারের দুটি সার্কিটের মাধ্যমে। ওই সার্কিট দুটি ভূ-অভ্যন্তরে (আন্ডারগ্রাউন্ড) স্থাপিত। ১ মে থেকে ওই দুটির মধ্যে একটি সার্কিট বিকল হয়ে যায়। এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ চরমভাবে ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত প্রতিদিন সেখানে প্রায় প্রতি ঘণ্টায় লোডশেডিং করতে হচ্ছে।
আজ বুধবার পর্যন্ত সার্কিটটি ১৪ বার মেরামত করার চেষ্টা করেও ডিপিডিসির প্রকৌশলীরা সফল হতে পারেননি। ইতিমধ্যে ধানমন্ডি এলাকা থেকে নতুন একটি সার্কিট কলাবাগান এলাকা পর্যন্ত নিয়ে আসার কাজ শুরু করা হয়েছে।
জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজরুল হাসান প্রথম আলোকে বলেন, ধানমন্ডি থেকে কলাবাগান পর্যন্ত নতুন সার্কিটটি স্থাপনের কাজ আগামী শনিবারের মধ্যে সম্পন্ন হবে। এরপর সেটি পরীক্ষা করে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। এভাবে আগামী রোববার নাগাদ সার্কিটটি পুরোপুরি চালু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, সার্কিট বিকল হওয়ায় তিন সপ্তাহের বেশি দিন ধরে ওই এলাকার গ্রাহকদের তীব্র বিদ্যুৎ সমস্যার মধ্যে থাকতে হয়েছে। সে জন্য ডিপিডিসি দুঃখিত।