কলাবাগানে ব্যবসায়ীর গাড়ি ছিনতাই
রাজধানীর কলাবাগান থানা এলাকায় এক ব্যবসায়ীর স্ত্রী ও সন্তানসহ ব্যক্তিগত গাড়ি ছিনতাইয়ের করেছে দুর্বৃত্তরা। আজ দিবাগত রাত ১২টার দিকে কলাবাগানের লাজ ফার্মার সামনে এ ঘটনা ঘটে। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে ওই ব্যবসায়ীর স্ত্রী ও চার বছরের ছেলেকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম ওসাম ইসলাম।
সরেজমিন গিয়ে জানা যায়, ওই ব্যবসায়ীর বাড়ি ধানমণ্ডির ৪ নম্বর রোডের একটি বাসায়। সেখানে গিয়ে দেখা যায় ওসাম ইসলাম তাঁর শিশু সন্তানকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
ঘটনা সম্পর্কে ওসাম ইসলাম প্রথম আলোকে জানান, রাজধানীর স্কয়ার হাসপাতালে এক আত্মীয়কে দেখতে তিনি স্ত্রী ফাতেমাতুজ জোহরা ও ছেলে হাসানাইন ইসলামকে নিয়ে গাড়ি চালিয়ে বের হন। রাত ১২টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে তিনি কলাবাগান থানা এলাকার লাজ ফার্মার সামনে ওষুধ কিনতে যান। গাড়ি ভেতর তখন ওসাম ইসলামের স্ত্রী ও ছেলে বসেছিলেন। গাড়ির চাবিও ভেতরে ছিল। ওষুধের দোকানে ঢোকার পর পরই দুর্বৃত্তরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এসময় পাগলপ্রায় অবস্থায় ছুটোছুটি করেন ওসাম ইসলাম। এর আঘঘণ্টার পর রিকশায় করে ওই ব্যবসায়ীর স্ত্রী ও ছেলে তাঁদের ধানমণ্ডির বাসায় ফিরে আসেন।
ওসাম ইসলাম জানান, তাঁর স্ত্রী তাঁকে জানিয়েছেন, গাড়ি ভেতর ঢুকে দুই যুবক চিত্কার করলে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। এর পর দ্রুত গাড়ি নিয়ে জাতীয় প্রেসক্লাব এলাকায় তাঁর স্ত্রী ও সন্তানকে নামিয়ে গাড়ি নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। যাবার সময় স্ত্রীর সোনার চুরিসহ অলংকার ছিনিয়ে নেওয়া হয়। তবে তারা মুঠোফোন নেয়নি।
রাতে ওসাম ইসলামের বাসায় আসেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা। পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমানী প্রথম আলোকে জানান, স্বস্তির বিষয় যে ব্যবসায়ীর স্ত্রী ও সন্তান ফিরে এসেছেন। তবে গাড়িটি উদ্ধার ও জড়িতদের আটকে বিভিন্ন তল্লাশি কেন্দ্রে তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে।