রাজধানীর কলাবাগানে বান্ধবী ও তাঁর বাবা-মাকে হত্যাচেষ্টায় গ্রেপ্তার হওয়া আশরাফ আলীর আত্মীয়স্বজনেরা আদালতের বাইরে মামলা মীমাংসা করার জন্য চাপ দিচ্ছেন। ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ছাত্রী ফৌজিয়া ফারিয়ার বাবা আমিনুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ কথা জানান। গত ২৬ মার্চ রাতে কলাবাগান দুই নম্বর লেনে ফৌজিয়ার বাসায় তাঁর সহপাঠী আশরাফুল ইসলাম দেখা করতে আসেন। একপর্যায়ে ২০ লাখ টাকা দাবি করে আশরাফ ফৌজিয়া ও তাঁর বাবা-মাকে উপর্যুুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করলেও আশরাফ পালিয়ে যান। ঘটনার চার দিন পর আশরাফকে গাজীপুরে তাঁর এক দুঃসম্পর্কের মামার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের গোয়েন্দা শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশরাফ ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে নেন। আমিনুর রহমান গতকাল জানান, হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসার পর থেকেই উড়ো ফোন আসছে তাঁর নম্বরে। আশরাফের নিজ এলাকা গাজীপুর জেলার কালীগঞ্জ থেকে ওই উপজেলার চেয়ারম্যান নজরুল ইসলাম বিভিন্ন মাধ্যমে তাঁদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। আশরাফের চাচাও তাঁদের কাছে সমঝোতার প্রস্তাব দিয়েছেন। গতকাল ফৌজিয়া ফারিয়ার বাসায় গেলে ফৌজিয়া ও তাঁর বাবা-মা এই প্রতিবেদককে তাঁদের ক্ষতস্থান দেখান। সবচেয়ে বেশি আহত আমিনুরের কানের একটি অংশ কেটে বাদ দেওয়া হয়েছে, হাতে এখনো ব্যান্ডেজ এবং মাথার বিভিন্ন অংশে সেলাই দেওয়া হয়েছে। মা রোখসানা মোমতাজের গলার ঠিক ওপর থেকে যে কোপ দেওয়া হয়েছিল, সেই জায়গাটা সেলাই দেওয়া হলেও তাঁর মুখ কিছুটা বাঁকা হয়ে গেছে। কথা বলতে কষ্ট হয় বলে তিনি জানান। ফৌজিয়া বলেন, মাথার পেছনে কোপ দেওয়ার পর তিনি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছেন না।ফৌজিয়ার মা বলেন, ঘটনার পর থেকে তাঁরা বাইরে বেরুচ্ছেন না। রাতে ভয়ে ঘুমাতেও পারছেন না। মে-জুন মাসে ফৌজিয়ার অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা থাকলেও এই সেমিস্টারে পরীক্ষা দিচ্ছেন না বলে তিনি জানান। পরিবারের তরফ থেকে বলা হয়, একমাত্র নিকটাত্মীয়রা ছাড়া আর কারও সঙ্গেই যোগাযোগ করছেন না। তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ বিষয়ে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা সহকারী কমিশনার এস এম রফিকুল ইসলাম জানান, তাঁরা ফোনে হুমকি দেওয়ার বিষয়টি দেখবেন। এ ছাড়া তদন্তের অগ্রগতি সম্পর্কে বলেন, অভিযোগপত্র দেওয়ার বিষয়টি প্রায় প্রস্তুত। শুধু আহতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেলেই অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে। এদিকে আশরাফের বাবা বেলায়েত হোসেন মীমাংসার জন্য চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি তাঁর ছেলে নির্দোষ—এ দাবিও করেন তিনি।