কলাভবনে বোমা আতঙ্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বোমা রাখার খবরে গতকাল আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশের তিনটি ইউনিট সেখানে তল্লাশি করে কোনো কিছুই পায়নি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে জানান, গতকাল সকাল পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টেলিফোন এক্সচেঞ্জের অপারেটর মারুফ হাসানের কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয়, কলাভবনে বোমা পেতে রাখা আছে। সকাল সাড়ে নয়টা, সাড়ে ১০টা এবং বেলা সাড়ে ১১টায় এসব বোমা ফুটবে। কিছুক্ষণ পর নিউমার্কেট থানার পুলিশের কাছে একই ধরনের ফোন আসে। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।বোমার খবরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সকাল ১০টার দিকে কলাভবনে যান। তাঁরা কলাভবন ও আশপাশের এলাকায় তল্লাশি চালান। পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের জানান, আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হয়েছে।