কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড্ডা, হইহুল্লোড়, স্মৃতি রোমন্থন। এক লহমায় বয়স ভুলে পেছনে ফিরে তাকানো। আজ শুক্রবার এভাবেই দিনটি কাটল পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের। বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে আজ। 

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী, ৪৮১ জন শিক্ষার্থীসহ ১ হাজার ৩২৫ জন অংশ নেন হীরক জয়ন্তী উৎসবে।
সকাল আটটায় বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কলারদোয়ানিয়া গ্রামীণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর বিদ্যালয়ের ১৯৫৯ ব্যাচের প্রাক্তন তিন শিক্ষার্থী অধ্যক্ষ এস এম দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল বারি ও অবসরপ্রাপ্ত শিক্ষক ফজিলা বেগম কেক কেটে এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এরপর হীরক জয়ন্তী উৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদ্‌যাপন কমিটির সভাপতি জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মাগফার হাসান বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনিরুজ্জামান বাহাদুর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো. আবু সালেক, প্রকৌশলী রুহুল আলম, কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দীর্ঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শাহ আলম, কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাত ডালিম প্রমুখ। এরপর প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণা করেন।
১৯৪৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ১৯৫৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন। আলোচনা সভা শেষে প্রাক্তন শিক্ষকদের উপহার দেওয়া হয়। এ ছাড়া হীরক জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন, শিক্ষার্থীদের লাঠি নৃত্য ও বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিদ্যালয়ের ৫৯ ব্যাচের ছাত্র অধ্যক্ষ এস এম দেলোয়ার হোসেন বলেন, অনেক বছর পর স্কুলজীবনের বন্ধু মো. আব্দুল বারি ও ফজিলা বেগমের সঙ্গে দেখা হলো। বাল্যবন্ধুদের পেয়ে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। চোখ থেকে আনন্দ অশ্রুপাত হয়েছে। আমার বিদ্যালয়ের প্রাঙ্গণ, বন্ধু আর গ্রামবাসীর সঙ্গে দেখা হয়ে কত ভালো লেগেছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না।
পুরোনো বন্ধুদের দেখা পেয়ে আব্দুল বারি ও ফজিলা বেগমও একই রকম অনুভূতি প্রকাশ করেন।