কলারোয়া ও মুকসুদপুরে সংঘর্ষে নিহত ২
সাতক্ষীরার কলারোয়ায় গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে মোসলেম আলী সানা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এিদিকে গতকাল শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে আলী খান (৬০) নামের আরেক ব্যক্তি নিহত হয়েছেন।
কলারোয়ার দেয়াড়া গ্রামে ঘরের ছাউনি ও গাছের ঝরে পড়া পাতা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোসলেম আলী সানা প্রাণ হারান। এ সময় আহত হয়েছেন ছয়জন।
আহত ব্যক্তিরা হলেন জসিম উদ্দীন সানা, নাজিম উদ্দীন সানা, ইদ্রিস সানা, তার স্ত্রী হোসনেয়ারা, মনজুয়ারা ও ইব্রাহিম সানা। তাঁদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) সফিকুর রহমান বলেন, এ ঘটনায় খোর্দ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ঘরের পাশের গাছ থেকে ঝরে পড়া পাতা ও ঘরের ছাউনি নিয়ে মোসলেম আলী সানার সঙ্গে তাঁর দুই ভাই ইদ্রিস সানা ও গোলাম মোস্তফা সানার কথা-কাটাকাটি হয়। পরে রাত ১২টার দিকে এ নিয়ে আবার কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পরিবারের সাতজন আহত হন। আহত মোসলেম আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গোপালগঞ্জের মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে আলী খান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল শুক্রবার উপজেলার দিগনগর ইউনিয়নের বর্ণি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানার পুলিশ সূত্র জানায়, মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামে প্রভাব বিস্তার ও জমিজমাসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বিবদমান দুই পক্ষ ইয়াদ আলী শেখ ও টিটু মোল্লার লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আলী খান ঘটনাস্থলে নিহত ও ১০ জন আহত হন। গুরুতর আহতাবস্থায় জাকির চোকদারকে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।