কলারোয়া ও রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝালকাঠির রাজাপুর ও সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
রাজাপুরে নিহত দিনমজুরের নাম আবদুল আউয়াল (৩৫) এবং কলারোয়ায় দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম সেলিম রেজা (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বিশ্বাস বাড়ির সামনে সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের চাপায় ঘটনাস্থলেই নিহত হন আবদুল আউয়াল। তাঁর বাড়ি উপজেলার বারাকপুর গ্রামে।
এদিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের কলারোয়ার জোনাকি সিনেমা হলের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হন। তাঁর নাম সেলিম রেজা (৩০)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলা সদরের হাশেদ আলীর ছেলে। বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম রেজা মোটরসাইকেল চালিয়ে সাতক্ষীরার দিকে আসছিলেন। জোনাকি সিনেমা হলের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।