কলারোয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ভারতের সীমান্তবর্তী দক্ষিণ ভাদিয়ালী গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর গৃহবধূর স্বামী পালিয়ে গেছেন।
নিহত গৃহবধূর নাম হেনা খাতুন (২৫)। তিনি দক্ষিণ ভাদিয়ালী গ্রামের সামিরুল ইসলামের (৩২) স্ত্রী এবং যশোর সদরের মাহিদিয়া এলাকার মাওলা বক্সের মেয়ে।
নিহত নারীর বড় ভাই জিয়াউর রহমান বলেন, পাঁচ বছর আগে সামিরুলের সঙ্গে হেনার বিয়ে হয়। বিয়ের বছর খানেক যেতে না যেতেই সামিরুল যৌতুকের দাবিতে হেনাকে নির্যাতন শুরু করেন। নির্যাতন বন্ধ করতে বিভিন্ন সময় সামিরুলকে দুই লাখ টাকা দেওয়া হয়। বছর খানেক আগে চোরাচালানির অভিযোগে সামিরুল ভারতে গ্রেপ্তার হন। সাজা খেটে কিছুদিন আগে তিনি বাড়ি ফেরেন। তিনি আবার যৌতুক দাবি করেন। হেনা টাকার কথা বাবাকে বলতে পারবে না জানিয়ে দেয়। এ নিয়ে শনিবার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় হেনাকে শ্বাসরোধে হত্যা করা হয়। রাত সাড়ে তিনটার দিকে সামিরুল মুঠোফোনে জানান, হেনা অসুস্থ। গতকাল রোববার সকালে পরিবারের সদস্যরা গেলে বলা হয় হেনা বিষপানে আত্মহত্যা করেছে।
পলাতক থাকায় এ ব্যাপারে সামিরুল ইসলামের সঙ্গে কথা বলা যায়নি। তাঁর বড় ভাই মাহফুজুর রহমান বলেন, শুনেছেন ছোট ভাইয়ের স্ত্রী আত্মহত্যা করেছে।