জামায়াতে ইসলামী এবং বিএনপির হরতাল চলাকালে থানা-পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অন্যান্য সহিংসতার ঘটনায় কয়েকটি স্থানে জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আটটি মামলা করা হয়েছে। এসব মামলায় দুই দলের সাড়ে চার হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গত রবি ও সোমবার জামায়াত ও মঙ্গলবার বিএনপি হরতাল ডেকেছিল।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব সংবাদদাতা, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:কলারোয়া (সাতক্ষীরা): জেলার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বোমা বিস্ফোরণ এবং পুলিশের গাড়িতে আগুন ও তাদের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম মঙ্গলবার রাতে এসব মামলা করেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী বলেন, কলারোয়া-সরসকাঠি সড়কের উফাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোমবার সকাল থেকে ব্যারিকেড দিয়ে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে জামায়াত-শিবির। বেলা ১১টার দিকে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যারিকেড তোলার চেষ্টা করলে হরতাল সমর্থকেরা চারদিক থেকে ঘেরাও করে তাঁদের ওপর ইটপাটকেল ছুড়ে। একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে আরিফ বিল্লাহ ও রুহুল আমিন নামের দুই সহোদর ঘটনাস্থলে নিহত হন। সামছুর রহমান নামের গুলিবিদ্ধ ওফাপুর গ্রামের আরেক ব্যক্তি পরে মারা যান। সংঘর্ষে আহত হয় পুলিশসহ কয়েকজন। এসব ঘটনায় এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখসহ তিন হাজার জামায়াত-শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন।অন্যদিকে মঙ্গলবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হন। এ ঘটনায় ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে আরেকটি মামলা করেন। দুপচাঁচিয়া (বগুড়া): রোববার জামায়াত-শিবির নেতা-কর্মীদের থানা ঘেরাও ও ভাঙচুর, স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় এবং দলটির নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দুপচাঁচিয়া থানায় পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় পুলিশ এজাহারভুক্ত দুই আসামিসহ চারজনকে মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে গ্রেপ্তার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ওই সব মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর: চাঁদপুরে সোমবার রাতে বিএনপির নেতা-কর্মীদের মিছিল থেকে পুলিশের ওপর বোমা হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগে ৩৬ জনের নাম উল্লেখ করে দল ও এর অঙ্গসংগঠনের এক হাজার ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। জেলা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরউদ্দিন মঙ্গলবার রাতে ওই মামলা করেন।