কলারোয়ার ইউএনওকে প্রত্যাহারের দাবি
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দুটি চিঠির জবাব অশোভন ভাষায় দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহারের দাবি জানিয়েছেন দুজন ভাইস চেয়ারম্যান ও ১২ জন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম ১ আগস্ট ইউএনও মো. আসাদুজ্জামান কবীরকে একটি চিঠি দেন। পরদিন চিঠির জবাব দেন ইউএনও। একই দিন চেয়ারম্যান আরও একটি চিঠি দেন ইউএনওকে। এ চিঠির জবাবও দেন ইউএনও। কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, ইউএনও চিঠির জবাব শোভন ভাষায় দেননি। এ কারণে তিনি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানসহ উপজেলার ১২ জন ইউপি চেয়ারম্যান ১১ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ করেছেন।চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম অভিযোগ করেন, ইউএনও প্রায় কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এ জন্য তাঁকে মৌখিকভাবে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি বিষয়টি গুরুত্ব দেননি। পরে তাঁকে চিঠি দেওয়া হয়েছে।এ ব্যাপারে ইউএনও গাজী মো. আসাদুজ্জামান কবির জানান, তাঁর বিরুদ্ধে চেয়ারম্যানের অভিযোগ সঠিক নয়। তিনি কর্মস্থলে থাকেন। ইউপি চেয়ারম্যানদের ডেকে তিনি তাঁর বিরুদ্ধে দরখাস্তে স্বাক্ষর করাতে বাধ্য করেছেন।