কলারোয়ার দুটি গ্রামে ভূমিধস, আতঙ্ক
সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের কামারালী ও তরুলিয়া গ্রামে আকস্মিক ভূমিধস দেখা দিয়েছে। গ্রাম দুটির পাঁচ শতাধিক পরিবারের প্রায় তিন হাজার বাসিন্দা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।কলারোয়া উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার পূর্ব দিকে কামারালী ও তরুলিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠের উঁচু-নিচু জমির বিভিন্ন স্থানের মাটি দেবে গিয়ে ছোট ও বড় আকৃতির বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে। স্থানভেদে এসব গর্ত বা সুড়ঙ্গ দুই থেকে আট ফুট পর্যন্ত গভীর।যুগীখালী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও কামারালী গ্রামের বাসিন্দা আবদুর রশিদ জানান, ১০ দিন আগে থেকে তাঁর বাড়ির পূর্ব পাশের বাগানে প্রথম মাটি দেবে যেতে দেখা যায়। ক্রমে তা বিস্তৃত হয়ে তরুলিয়া গ্রামের প্রধান রাস্তা পর্যন্ত চলে গেছে। এভাবে প্রতিদিনই ভূমিধস বাড়ছে। ফলে মাটি গর্ত হয়ে বসে যাচ্ছে। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।একই গ্রামের আতিয়ার রহমান খান (৬৫), মফিজুল মোল্লা (৫০), এরফান আলী (৭০) ও আমিরুল ইসলাম জানান, ২০-২৫ বিঘা এলাকার বিভিন্ন স্থানে হঠাৎ করে মাটি দেবে যাচ্ছে। ৮-১০ দিন আগে থেকে এ অবস্থা শুরু হয়েছে। এ অবস্থায় আশপাশের ঘরবাড়ি যেকোনো মুহূর্তে মাটির নিচে চলে যেতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। তবে এলাকার অনেকে ধারণা করছেন, এখানে গ্যাস, কয়লা কিংবা অন্য কোনো খনিজ সম্পদ পাওয়া যেতে পারে।কামারালী গ্রামের বাসিন্দা নূরজাহান খাতুন জানান, বাড়িঘর বসে যাওয়ার ভয়ে তিনি ছেলেমেয়ে নিয়ে অন্য এলাকায় চলে যাওয়ার চিন্তাভাবনা করছেন। যুগীখালী ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আমি দুশ্চিন্তায় আছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।’ কলারোয়া উপজেলার কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ জানান, ধস রোধের কারণ উদ্ঘাটন ও প্রতিরোধের জন্য দ্রুত ব্যবস্থা না নিলে কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।জেলা প্রশাসক আবদুস সামাদ বলেন, ‘আমি ইউএনও আ ন ম তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সামিয়া ফেরদৌসী ও কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফকে সোমবার ঘটনাস্থলে পাঠিয়েছি। তাঁরা এসে প্রতিবেদন দেওয়ার পর ওই দিনই ঢাকায় মৃত্তিকা বিশেষজ্ঞ ও ভূতত্ত্ব বিভাগে চিঠি পাঠিয়েছি। তাঁরা এলাকা দেখে পরীক্ষা-নিরীক্ষা ও জরিপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’