কলারোয়ার পৌর মেয়র গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মেয়র ও বিএনপির নেতা গাজী আক্তারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা একটার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, মেয়র উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক। তিনি গত রোববার দিবাগত রাত দুইটার দিকে কলারোয়া বেত্রবতী মাধ্যমিক বিদ্যালয়ে ২০-২৫ জনের সঙ্গে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে দলটি পালিয়ে যায়।
মেয়র আক্তারুল প্রথম আলোকে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলারোয়া থানার ওসি ইমদাদুল হক বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে আক্তারুলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলাসহ মেয়র আক্তারুল আরও কয়েকটি মামলার আসামি। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।