কলাপাড়ার লাইলির কানকুনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর কানকুনে জাতিসংঘের দুর্যোগবিষয়ক দ্য গ্লোবাল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট শীর্ষক সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের পাঁচ হাজারের বেশি প্রতিনিধি। গত ২২ মে থেকে ২৬ মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর কলাপাড়ার লাইলি বেগম এ সম্মেলনে সরকারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। বাংলা ভাষায় বক্তব্য দেন তিনটি অধিবেশনে।

দেশে ফেরার পর প্রথম আলোর পক্ষ থেকে লাইলি বেগমের মুখোমুখি হই। লাইলি বেগমের এটিই ছিল প্রথম বিদেশযাত্রা। সম্প্রতি প্রথম আলো কার্যালয়ে বসেই চলে আলাপচারিতা। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংসদ সাবের হোসেন চৌধুরীসহ কানকুনে সরকারি প্রতিনিধিদলের সদস্য ছিলেন ২০ জন।
লাইলি বেগম দৃঢ় কণ্ঠেই বলেন, ‘সবাই আমার কথা শুনল, আমিও সবার কথা শুনলাম। অনেক কিছু জানতে পারলাম।’ কানকুনে লাইলি বেগমকে সহযোগিতা করেন অ্যাকশনএইডের ডিজাস্টার রিস্ক রিডাকশনের ব্যবস্থাপক এ এম নাসির উদ্দিন। এ প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় লাইলি বেগম সরকারি প্রতিনিধিদলের হয়ে মেক্সিকো যাওয়ার সুযোগ পান। প্রথম আলো কার্যালয়ে লাইলি ও নাসির উদ্দিন পাশাপাশি বসা ছিলেন। আলোচনায় ঘুরেফিরে কানকুনের কথা আসে, লাইলি বেগম কানকুনে যা বুঝেছেন, তা সঠিক কি না, একটু পরপর নাসির উদ্দিনের সঙ্গে কথা বলে তা ঝালাই করে নিচ্ছিলেন।
লাইলি বেগমের জীবনের অভিজ্ঞতায় আছে সিডর, মহাসেনসহ বিভিন্ন দুর্যোগ। এসব মোকাবিলা করেই তিনি জীবন পার করছেন। তিনি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ইউনিয়ন পর্যায়ের নেতা তিনি। জলবায়ুসহিষ্ণু ফসল উৎপাদনের জন্য গঠিত কৃষক দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। এক কথায় কলাপাড়ায় তিনি ‘কমিউনিটি লিডার’ হিসেবেই পরিচিত। ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যা তিনি। অ্যাকশনএইডসহ বিভিন্ন সংগঠনের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। অ্যাকশনএইডের বিভিন্ন কর্মসূচির সঙ্গে জড়িত ২০০৪ সাল থেকে। সংসারে সহায়তার জন্য স্কুলেও শিক্ষকতা করেছেন লাইলি বেগম।

২০১৭ গ্লোবাল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন সম্মেলনে লাইলি বেগম। ছবি: সংগৃহীত
২০১৭ গ্লোবাল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন সম্মেলনে লাইলি বেগম। ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সে বিয়ে হয়, তবে বিয়ের পরও পড়াশোনা করে এসএসসি পাস করেন লাইলি। স্বামী আব্দুল জব্বার দিনমজুর। তিনি শুধু নিজের নাম লিখতে পারেন। দুই ছেলে এক মেয়ে এই দম্পতির। মেয়ে অনার্সে প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হয়েছে। মেয়ের বিয়ে হয়েছে। এক ছেলে ঢাকায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে। আরেক ছেলে এইচএসসিতে পড়ছে।
লাইলি বেগম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কমিটির সদস্য হিসেবে দুর্যোগের আগেই সবাইকে প্রস্তুত করেন। মানুষকে প্রশিক্ষণ দেওয়া, উঁচু ভিটায় শক্ত করে ঘর তৈরি, দুর্যোগের মহড়া দেওয়া, ত্রাণ প্রয়োজন হলে উপজেলা পরিষদ থেকে সহায়তা পাওয়ার ব্যবস্থা করাসহ নানা কাজ করতে হয় লাইলি বেগমসহ কমিটির অন্য সদস্যদের।
লাইলি বলেন, ‘দুর্যোগ শুরু হইলে প্রথম পতাকা তুইল্যা হুঁশিয়ারি সংকেত দিই। এইটা করা হয় সবার সঙ্গে আলোচনা করে। দ্বিতীয় পতাকা তুইল্যা মাইকিং কইরা সবাইরে আশ্রয়কেন্দ্রে যাইতে বলি। প্রতিবন্ধী, গর্ভবতী নারী কেমনে আশ্রয়কেন্দ্রে যাইব, কই থাকব, তা ঠিক করা হয়। পলিথিন দিয়া হাঁড়ি, পাতিল, চাল, ট্রাঙ্ক, টাকাপয়সাসহ মাটির নিচে পুঁইত্যা রাখতে বলা হয় মাইকিং করে। আর শুকনা খাবার সঙ্গে নিতে বলা হয়। এই সব কইরা মহাসেনের সময় আমার এলাকার কেউ মারা যায় নাই, তবে সিডরের সময় ছয়জন মারা যায়।’
দুর্যোগে এখন পর্যন্ত সবাইকে আশ্রয়কেন্দ্রে নিতে পারেন না, সে গল্পও শোনালেন লাইলি। বলেন, ২০১৩ সালে মহাসেনের সময় তাঁর মা কিছুতেই ঘর ছেড়ে যাবেন না। তাঁর ধারণা, ঘরে মানুষ না থাকলে ঘর দুর্বল হয়ে যাবে। অগত্যা তাঁকেও এক পা ঘরে, আরেক পা বাইরে রেখে মায়ের সঙ্গেই থাকতে হয়। যদিও তিনি জানেন, দুর্যোগে সবার আগে নিজে বাঁচতে হবে। বেঁচে থাকলে ঘর করা যাবে।
কানকুনে তিনটি অধিবেশনে বাংলায় বক্তব্য দেন লাইলি। জাতিসংঘের নারীদের নিয়ে তৈরি ককাসের মিটিং এবং অ্যাকশনএইডের বোর্ড সভায় অংশ নেন। লাইলি বেগমের আক্ষেপ, ইংরেজি ভাষাটা জানা থাকলে সব নিজে নিজেই বুঝতে পারতেন।

সম্মেলনে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে লাইলি বেগম। ছবি: সংগৃহীত
সম্মেলনে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে লাইলি বেগম। ছবি: সংগৃহীত

মেক্সিকো থেকে লাইলি শিখে এসেছেন, দুর্যোগ মোকাবিলায় সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু তিনি তাঁর এলাকার বেশির ভাগ নারীকে নিয়ে হতাশ। বিভিন্ন কমিটিতে নারীদের সংখ্যা বেশি, কিন্তু দুর্যোগের সময় সবাই সক্রিয় অংশ নেন না। এ ক্ষেত্রে সমাজ বা পরিবারের প্রতিবন্ধকতার চেয়ে নারীদের নিজেদের জড়তাই বেশি দায়ী।
দুর্যোগ মোকাবিলা করতে হলে সবাইকে দুই হাত দিয়ে কাজ করতে হবে, আর সবার আগে বিষয়টি জানতে হবে, বুঝতে হবে বলে উল্লেখ করেন লাইলি বেগম।