কলারোয়ায় আ. লীগ নেতা খুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপীনাথপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমানকে (৪০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার রাত ১২টার পর একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে হত্যা করে আজিজুরকে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁদের প্রতিক্রিয়া নেওয়া যায়নি।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর সাতক্ষীরা সদরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবিরের কর্মীরা। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি এলাকায় ১২টি বাড়িতে অগ্নিসংযোগ, একই এলাকার ঝাওডাঙ্গা বাজারে দুটি দোকানে আগুন দেয় তাঁরা। এ ছাড়া আশাশুনি উপজেলার বোদাহাটা বাজারে তিনটি দোকান ও বোদাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়েও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবিরের কর্মীরা।