কলারোয়ায় কৃষকের ১৫টি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের ১৫টি আম ও পেয়ারাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল বুধবার সকাল আটটার দিকে সাতক্ষীরার কালারোয়া উপজেলার কাশিরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।কাশিরডাঙ্গা গ্রামের কৃষক আক্তারুল ইসলাম জানান, তাঁর সঙ্গে একই এলাকার শফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল সকাল আটটার দিকে শফিকুলসহ তিন-চারজন তাঁর জমিতে জোরপূর্বক ঢুকে আম ও পেয়ারাগাছ কাটতে থাকে। এ সময় বাধা দেওয়ায় তারা তাঁকে মারপিট করে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া শফিকুল ইসলাম জানান, তাঁদের জমি আক্তারুল দখল করে নিয়েছেন। সেই জমি থেকে তিনি গাছ কেটেছেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী জানান, এ ঘটনায় শফিকুল ইসলামসহ তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেছেন আক্তারুল ইসলাম। শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে।