কলারোয়ায় ক্ষমতাসীন দলের দুই নেতাকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা সড়ক অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার সাতক্ষীরার কলারোয়ায় দুর্বৃত্তদের হামলায় যুবলীগের এক নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন।
এর আগে সোমবার রাতে বরিশালের গৌরনদীতে বিএনপির সমর্থকদের ছুড়ে মারা ইটের আঘাতে এক কাঁচামাল ব্যবসায়ী আহত ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার তিনি মারা গেছেন।
কলারোয়ায় নিহত দুজন হলেন মাহমুদ হাসান বাবু (৩২) ও রবিউল ইসলাম (৩৫)। বাবু কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের গোলাম রহমান মোড়লের ছেলে ও খোর্দ ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। রবিউল দিয়াড়া গ্রামের মুজিবর রহমান সরদারের ছেলে ও খোর্দ ইউপির স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মাহমুদ হাসানের ভাই কলারোয়া উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান অভিযোগ করেন, তার ভাই বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কলারোয়া শহরে তার ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। কলারোয়া-খোর্দ সড়কের আলাইপুরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটায়। আশপাশের মানুষ এসে উদ্ধার করে প্রথমে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রবিউলের বাবা মুজিবর রহমান সরদার জানান, রবিউল দুপুরে খাওয়া শেষে বাড়িতে ছিলেন। সোয়া পাঁচটার দিকে ২০-২৫ জন দুর্বৃত্ত রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং কুপিয়ে খুন করে। জামায়াত-শিবির ও ১৮ দলের কর্মীরা রবিউলকে হত্যা করেছে। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর ফারুখ আহমেদ মুঠোফোনে ঘটনাস্থল থেকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ওসমান গনি বলেন, মাহমুদ হাসান ও রবিউলকে দুর্বৃত্তরা মারপিট করেছেন। তাঁদের নেতা-কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত নন।
কলারোয়া থানার ওসি শাহ দারা খান বলেন, জামায়াত-শিবিরের কর্মীরাই মাহমুদ হাসানকে পিটিয়ে খুন করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কলারোয়া তুলশীডাঙ্গা গ্রামের শেখ আবদুল কায়ুমকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে অবরোধ চলাকালে গতকাল সকালে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে পাঁচজন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ আশাশুনি থানার সোদকোনা গ্রামের আবদুল হাকিমকে (৬০) আটক করে। কদমতলা এলাকায় জামায়াত-শিবিরকে হটাতে পুলিশ ৯৭ রাউন্ড গুলিবর্ষণ করে। সেখানে ২০ জন আহত হন। পুলিশ সেখান থেকে চারজনকে আটক করে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার রাত সাড়ে ১১টায় বরিশালের গৌরনদীতে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মিছিল বের করে। এ সময় বিএনপির সমর্থকেরা ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ইল্লা বাসস্ট্যান্ডে মহাসড়কে টায়ার ও খরকুটোতে আগুন জ্বালিয়ে অবরোধ করে। অবরোধের সময় মেহেরপুর থেকে বরিশালগামী কাঁচা মালবাহী একটি ট্রাককে লক্ষ করে বিএনপির সমর্থকেরা ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলাম (২৭) আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।