কলারোয়ায় চালকল শ্রমিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যায় কাজ করতে না চাওয়ায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরে চালকলের এক শ্রমিককে বেধড়ক মারধর করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তাঁর ভাইয়েরা।এ অভিযোগে গত বৃহস্পতিবার রাতে কলারোয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কয়লা ইউপি চেয়ারম্যান আবদুর রকিব মোল্লাসহ তাঁর পাঁচ ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। দোষীদের গ্রেপ্তা-রের দাবিতে কলারোয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছেন শতাধিক শ্রমিক ও গ্রামবাসী।নির্যাতনের শিকার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের গোলাম মোস্তফা (৫৫) প্রথম আলোকে বলেন, তিনি একই গ্রামের ইউপি চেয়ারম্যান আবদুর রকিব মোল্লার ভাই আবু সাঈদ মোল্লার ‘ভাই ভাই ট্রেডার্সের’ চালকলে কয়েক মাস ধরে শ্রমিকের কাজ করেন। কলারোয়া সরকারি খাদ্যগুদামে বিক্রির জন্য পাবনা থেকে ২০ মেট্রিকটন চাল নিয়ে আসেন ইউপি চেয়ারম্যান। গোলাম মোস্তফাকে তিনি ওই চালের বস্তাগুলোতে সিল মারতে বলেন। নিয়মানুযায়ী, নিজস্ব মিলের চাল সরকারি গুদামে সরবরাহ করার কথা। বিষয়টি অন্যায় জেনে সিল মারতে অস্বীকৃতি জানান মোস্তফা।গোলাম মোস্তফা অভিযোগ করেন, অন্যায় কাজ করতে না চাওয়ায় চেয়ারম্যান আবদুর রকিব ও তাঁর ভাইয়েরা তাঁকে বেধড়ক মারধর করেন এবং দাঁড়ি কেটে নেন।অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আবদুর রকিব মোল্লা দাবি করেন, তাঁর বড় ভাই আবদুর রব মোল্লার সঙ্গে দুর্ব্যবহার করায় তিনি গোলাম মোস্তফাকে কয়েকটি চড় ও কিল মেরেছেন। দাঁড়ি কাটার প্রশ্নই ওঠে না। এ ব্যাপারে তাঁর প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে এবং গোলাম মোস্তফাকে দিয়ে থানায় মামলা করিয়েছে।যোগাযোগ করলে কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হোসেন বলেন, মারধর করে দাঁড়ি কাটার অভিযোগে গোলাম মোস্তফার চাচাতো ভাই কামরুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আবদুর রকিব মোল্লাসহ তার পাঁচ ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।