কলারোয়ায় জলাবদ্ধতায় সাড়ে চার হাজার বিঘা জমি অনাবাদি
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জলাবদ্ধতার কারণে চলতি বোরো মৌসুমে সাড়ে চার হাজার বিঘার বেশি জমি অনাবাদি পড়ে আছে। কপোতাক্ষ, বেত্রবতী, ইছামতী ও সোনাই নদী নাব্যতা হারানোর ফলে এসব নদ-নদী দিয়ে বর্ষা মৌসুমে লোকালয় ও ফসলি জমিতে জমে থাকা পানি সরতে পারছে না। ফলে প্রতিবছরই এ উপজেলায় নতুন নতুন জমিতে জলাবদ্ধতা বিস্তৃত হচ্ছে। বিশেষ করে কপোতাক্ষ তীরবর্তী দেয়াড়া, যুগিখালী, জয়নগর ও জালালাবাদ ইউনিয়নে ফসলি জমিতে জলাবদ্ধতার মাত্রা অনেক বেশি। উপজেলার দেয়াড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, জলাবদ্ধতার কারণে তাঁর ইউনিয়নের প্রায় দুই হাজার বিঘা জমিতে এবার বোরো চাষ হচ্ছে না। দেয়াড়া ইউনিয়নের সানাপাড়ার ফজলুল হকের ২০ বিঘা, জামির আলীর সাত বিঘা, আবদুুর রহমানের ১০ বিঘা, আবু বক্কার ও তাঁর ভাই রুহুল আমিনের ১০ বিঘাসহ অনেকের জমি চলতি মৌসুমে জলাবদ্ধতার কারণে আবাদ করা যায়নি। অথচ গত বছরও এসব জমিতে বোরো আবাদ হয়েছিল।উপজেলার যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, তাঁর ইউনিয়নে ওফাপুরের মনাঘাটা ও যুগিখালীর সেঁউতি বিলে জলাবদ্ধতার কারণে প্রায় ৫০০ বিঘা জমি এবার অনাবাদি রয়েছে। ওফাপুর গ্রামের আলমগীর হোসেন, গাজী মতিয়ার মোড়ল ও রেজাউল ইসলাম জানান, জলাবদ্ধতার কারণে তাঁরা মনাঘাটা বিলে জমি আবাদ করতে পারেননি। যুগিখালী গ্রামের কৃষক আবদুল জলিলের পাঁচ বিঘা, তাঁর ভাই আবদুর রহমানের সাত বিঘা, পাইকপাড়া গ্রামের মশিয়ার রহমানের ১০ বিঘা ও আবদুল জব্বারের সাত বিঘাসহ অনেক কৃষকের জমি জলাবদ্ধতার কারণে অনাবাদি পড়ে আছে।জয়নগর ইউপি চেয়ারম্যান তপন কুমার সাহা জানান, জলাবদ্ধতার কারণে এবার বোরো মৌসুমে তাঁর ইউনিয়নে এক হাজার বিঘারও বেশি জমি আবাদ করা সম্ভব হচ্ছে না। উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জানান, তাঁর ইউনিয়নে জলাবদ্ধ জমিতে বাধ্য হয়ে অনেকে চিংড়ি ও অন্যান্য মাছের ঘের করেছেন। ইউনিয়নে এমন জমির পরিমাণ প্রায় এক হাজার ২০০ বিঘা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, চলতি মৌসুমে উপজেলায় দেড় হাজার বিঘার বেশি জমি জলাবদ্ধতার কারণে অনাবাদি থাকছে না। সবেমাত্র আবাদ শেষ হয়েছে, তাই অনাবাদি জমির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।