কলারোয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকচাপায় সাব্বির হোসেন (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় ঘাতক ট্রাকসহ চালককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে কলারোয়া উপজেলার কেরালগাতা ইউনিয়নের সিংগা বাজারে এ ঘটনাটি ঘটে। উত্তেজিত জনতা এ সময় ট্রাকটি ভাঙচুর করে।
নিহত সাব্বির হোসেন কলারোয়া উপজেলার দরবাশা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি ছাত্র ছিল। আটক ট্রাকচালকের নাম আবদুর রউফ (৫০)।
প্রত্যক্ষদর্শী জানান, সাব্বির হোসেন সকালে স্কুলে যাচ্ছিল। এ সময় বাগআচড়া থেকে বালুবাহী একটি ট্রাক সেনাবাড়িয়া যাওয়ার পথে সিংগা বাজারে পৌঁছালে পেছন থেকে স্কুলছাত্র সাব্বিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় জনতা ঘাতক ট্রাকচালককে আটক করে থানায় সোপর্দ করে ও ট্রাকটি ভাঙচুর করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।