কলারোয়ায় দুজনকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরার কলারোয়ায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গত সোমবার দুজনকে কুপিয়ে হত্যা করেছে। বাগেরহাট সদর উপজেলায় সড়কের পাশ থেকে গতকাল মঙ্গলবার এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। কলারোয়ায় খুন হওয়া দুজন হলেন: দলুইপুর গ্রামের ঈমান আলীর ছেলে মশিয়ার রহমান (৪৬) ও একই গ্রামের আবুল গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৮)। গতকাল মঙ্গলবার সকালে কলারোয়া থানার পুলিশ রঘুনাথপুর গ্রামের একটি পাটখেতের পাশ থেকে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মশিয়ার রহমানের ছেলে বাবলু রহমান জানান, সোমবার সকালে তাঁর বাবা ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে তিনি সংবাদ পেয়ে কলারোয়া থানায় এসে তাঁর বাবা ও বাবার বন্ধু হাফিজুর রহমানের লাশ শনাক্ত করেন। তিনি আরও জানান, তাঁর বাবা ও তাঁর বন্ধু ভারত থেকে গরু চোরাচালান করে বাংলাদেশে নিয়ে আসতেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা দাবি করেন, নিহত ব্যক্তিরা গরু ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে নিহত মশিয়ার রহমানের ছেলে বাদী হয়ে গতকাল হত্যা মামলা করেছেন।বাগেরহাট-খুলনা সড়কের বারাকপুর জালালাবাদ হ্যাচারির সামনে থেকে পুলিশ গতকাল ভোরে অজ্ঞাতনামা এক তরুণের (২৮) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক রাকিবুল হাসান জানান, নিহত তরুণের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।