কলারোয়ায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
তিন দিন ধরে নিখোঁজ এক অবসরপ্রাপ্ত দফাদারের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সাতক্ষীরার কলারোয়া উপজেলার একটি মাছের ঘেরে লাশটি পাওয়া যায়।নিহত ব্যক্তির নাম তাজুল ইসলাম সরদার (৬০)। তিনি কলারোয়া উপজেলার বাটরা গ্রামের শুকুর আলী সরদারের ছেলে। উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের অধীনে তিনি দীর্ঘদিন দফাদারের দায়িত্ব পালন করেন।সাতক্ষীরার কলারোয়া থানার ওসি শুভাষ বিশ্বাস জানান, গতকাল সকালে কলারোয়া উপজেলার সিংনাল গ্রামের মিজানুর রহমানের মাছের ঘেরে অজ্ঞাত একজনের লাশ ভাসতে থাকার খবর পান। খবর পেয়ে কলারোয়া থানার সহকারী উপপরিদর্শক আবদুল হক ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেন।এএসআই আবদুল হক জানান, উদ্ধারের পর তাজুল ইসলামের পরিচয় পাওয়া যায়। তাজুল ইসলামের ছেলে মনির হোসেন ও সফিক সরদার লাশটি তাঁদের বাবার বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।নিহত ব্যক্তির ছেলে মনির হোসেন জানান, গত সোমবার সন্ধ্যার দিকে তাঁর বাবা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল তাঁর লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে কে বা কারা তাঁদের বাবাকে হত্যা করে ওই মাছের ঘেরে ফেলে গেছে।