কলারোয়ায় ফের ভূমিধস, দুই গ্রামের মানুষ আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দুটি গ্রামে ফের ভূমিধস দেখা দিয়েছে। গত ১০ দিনে ভূমিধসের ফলে ছোট-বড় গর্ত ও সুড়ঙ্গ সৃষ্টি হয়েছে। এ কারণে ওই গ্রাম দুটির প্রায় ১০ হাজার বাসিন্দা আতঙ্কে দিন কাটাচ্ছে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, কলারোয়া উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার পূর্বে কামারালী ও তরুলিয়া গ্রামে ভূমিধসে সমতল জমির মাঝেমধ্যে ছোট ও বড় আকৃতির গর্তের সৃষ্টি হয়েছে। স্থান ভেদে এসব গর্ত বা সুড়ঙ্গ দুই থেকে ১০ ফুট পর্যন্ত গভীর। উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামারালী গ্রামের আবদুর রশিদ জানান, দিন দশেক আগে হঠাৎ সকালে দেখেন, তাঁর বাড়ির পূর্বপাশের বাঁশ ও শিশুগাছের বাগানের মধ্যে জমির কিছু অংশ দেবে গেছে। এরপর প্রতিদিন তা বিস্তৃত হয়ে তরুলিয়া গ্রামের প্রধান রাস্তা পর্যন্ত চলে গেছে। এভাবে প্রতিদিনই ভূমিধস বাড়ছে।কামারালী গ্রামের প্রভাষক আমিরুল ইসলাম, মফিজুল ইসলাম, এরফান আলী খাঁ, ইন্তাজ মোল্যা, হামিদ সরদার ও মঙ্গল গাজী জানান, দিনে গর্তের কোনো পরিবর্তন না হলেও রাতে তা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন এলাকায় ২০-২৫ বিঘা জমি জুড়ে হঠাৎ ধসে যাচ্ছে। প্রতি রাতেই নতুন নতুন স্থানে ভূমিধসে প্রথমে ছোট আকৃতির গর্তের সৃষ্টি হচ্ছে। পরে আকার বাড়ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম তরিকুল ইসলাম বলেন, ‘বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবার ২০১১ সালের ভূমিধসের চেয়ে মারাত্মক নয়। গত বছর ভূমিধসের পর মৃত্তিকা ও ভূ-তত্ত্ব বিশেষজ্ঞ একটি দল এই এলাকায় কয়েক দিন কাজ করে। তারা কাজ শেষে মৌখিকভাবে জানায়, মাটির নিচে কয়লা কিংবা খনিজ পদার্থ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মৃত্তিকা ও ভূ-তত্ত্ব বিশেষজ্ঞ দলটি কোনো প্রকার যোগাযোগ করেনি কিংবা প্রতিবেদন দেয়নি। ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।’