কলারোয়ায় বিজিবির গুলিতে আহত ব্যক্তি মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিতে আহত বাংলাদেশি জিয়ারুল ইসলাম (৩২) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের ভাদিয়ালি গ্রামে বিজিবি সদস্যদের গুলিতে আহত হন তিনি।এদিকে বিজিবি সদস্যদের ওপর হামলায় নিহত জিয়ারুল ইসলামসহ ৪০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। বিজিবির নায়েব সুবেদার এরশাদ আলী গতকাল শুক্রবার এ মামলা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ৩০ থেকে ৪০ জন চোরাকারবারি ভারতীয় মসলা, শাড়ি, ফেনসিডিলসহ বিভিন্ন পণ্য নিয়ে সীমান্তের সোনাই নদী পার হয়ে ভাদিয়ালি গ্রামে ঢোকে। এ সময় কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা ধাওয়া করলে পণ্য ফেলে তারা পালিয়ে যায়। ফেলে যাওয়া পণ্য সরানোর সময় চোরাকারবারিরা একত্র হয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় বিজিবি সদস্যদের ছোড়া গুলিতে জিয়ারুল আহত হন। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। চোরাচালানিদের হামলায় বিজিবি কাকডাঙ্গা ক্যাম্প নায়েব সুবেদার মো. এরশাদ আলীসহ কয়েকজন আহত হয়েছেন।