কলারোয়ায় সাংবাদিকের পা ভেঙে দিয়েছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার চার ঘণ্টা পর দৈনিক সংবাদ-এর সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রতিনিধি আবদুর রহমানকে (৪৬) পিটিয়ে ডান পা ভেঙে দেওয়া হয়েছে। থেঁতলে দেওয়া হয়েছে ডান হাতসহ শরীরের বিভিন্ন অংশ। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় কলারোয়ার মানিকনগর গ্রামে প্রতিবেশীর বাড়িতে ওই ঘটনা ঘটে। এ সময় ওই প্রতিবেশীর ঘরে ভাঙচুর চালানো হয়।কলারোয়ার জয়নগর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সামছুল আলমের নেতৃত্বে জামায়াত-শিবিরের ২০-২৫ জন কর্মী ওই হামলা চালান বলে অভিযোগ করেছেন আবদুর রহমান। বর্তমানে তিনি কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। হামলার ব্যাপারে জামায়াত-শিবিরের কারও বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে শিবিরের নেতা সামছুলের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তা বন্ধ পাওয়া গেছে।আহত সাংবাদিক আবদুর রহমান জানান, সোমবার রাতে দুটি মুঠোফোন নম্বর থেকে জামায়াত-শিবিরের পরিচয় দিয়ে তাঁকে জীবননাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গতকাল সকাল ১০টায় তিনি কলারোয়া থানায় জিডি করেন। এরপর তিনি ছেলে রাকিবুল হাসানকে (১২) নিয়ে বাড়ি ফিরছিলেন। দুপুর দুইটার দিকে তাঁরা মানিকনগর গ্রামে বাড়ির সামনে পৌঁছালে জামায়াত-শিবিরের ২০-২৫ জন নেতা-কর্মী দুটি বোমা ফাটিয়ে তাঁকে ধাওয়া করেন। এ সময় তিনি প্রতিবেশী আমিন উদ্দিনের বাড়িতে আশ্রয় নিলে জামায়াত-শিবিরের কর্মীরা ওই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁকে রড ও রামদায়ের উল্টো পিঠ দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তাঁর ডান পা ভেঙে গেছে। এ ছাড়া বাঁ পা, ডান হাতসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। হামলার কারণ জানতে চাইলে রহমান জানান, হামলার সময় জামায়াত-শিবিরের কর্মীরা বলতে থাকেন, ‘রোববার সরসকাটি পুলিশ ফাঁড়ির ঘটনা তোর মাধ্যমে বিভিন্ন কাগজে ছাপা হয়েছে। তুই সব সাংবাদিককে এখানে ডেকে নিয়ে এসেছিস। তোদের মতো সাংবাদিকদের না মেরে ফেলা পর্যন্ত দেশে শান্তি কায়েম হবে না।’সাংবাদিকের স্ত্রী রেহেনা খাতুন জানান, তাঁর স্বামী অচেতন হয়ে পড়লে জামায়াত-শিবিরের কর্মীরা পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, খবর পেয়ে সাংবাদিক আবদুর রহমানকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারী জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।