কলারোয়ায় সড়কের ২১টি গাছ কেটে নিলেন আ.লীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট-খোরদো সড়কের পাশ থেকে আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন প্রজাতির ২১টি গাছ কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে তারা এসব গাছ কেটে নিয়ে যায়। শুক্রবার ভোরে পুলিশ গাছের কয়েকটি টুকরো উদ্ধার করে। কলারোয়ার কুশডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল খালেক জানান, বুধবার রাতে শাকদাহ গ্রামের ইব্রাহিম হোসেন খান, আলী হোসেন খান ও মশিয়ার রহমান খানের নেতৃত্বে ১০-১১ জন কাজীরহাট-খোরদো সড়কের শাকদহ এলাকা থেকে মেহগনি, বাবলা, শিশুসহ বিভিন্ন প্রজাতির ২১টি গাছ কেটে নেন। তাঁরা সবাই আওয়ামী লীগের কর্মী। ইউপি সদস্য আবদুল খালেক আরও জানান, যে গাছগুলো কেটে নেওয়া হয়েছে সেগুলো ইউনিয়ন পরিষদের। শুক্রবার ভোরে কলারোয়া থানার উপপরিদর্শক সেলিম হোসেন শাকদাহ গ্রামের বিনয় কৃষ্ণ রায়ের বাড়ির পাশ থেকে কাটা গাছের কয়েকটি টুকরো উদ্ধার করেন। কুশডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম জানান, বুধবার রাতে গাছ কেটে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি পুলিশকে জানান। এ ঘটনায় কুশডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসেম খানের নেতৃত্বে ইব্রাহিম হোসেন খান, আলী হোসেন খান, মশিয়ার রহমান খানসহ ১৫-১৬ জন বৃহস্পতিবার খ্রিষ্টানপাড়া মোড়ে তাঁর ওপর হামলা চালায়। আওয়ামী লীগের নেতা হাসেম খান তাঁর নেতৃত্বে যুবলীগের নেতা আবদুল আলিমের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, আবদুুল আলিম গাছ কাটার বিষয়টি পুলিশকে জানান। এ জন্য মশিয়ার রহমান খানের লোকজন তাঁর ওপর হামলা চালায়। ইব্রাহিম হোসেন খান জানান, তিনি গাছ কাটার সঙ্গে জড়িত নন। একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, ওই সড়কের পাশ থেকে মোট ২১টি গাছ কাটা হয়েছে। ইউপি সদস্য আবদুল খালেক গাছ কাটার অভিযোগে ইব্রাহিম হোসেন খান, আলী হোসেন খান, মশিয়ার রহমান খানসহ ১০-১১ জনের বিরুদ্ধে শুক্রবার বিকেলে মামলা করেন। আবদুল আলিমের ওপর হামলার ঘটনায় তাঁর ভাই রুহুল ইসলাম আওয়ামী লীগের সভাপতি হাসেম খানের নাম উল্লেখ করে পৃথক একটি এজাহার দায়ের করেছেন।