কলারোয়ায় 'সংঘর্ষে' গুলিবিদ্ধ জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ গুলিবিদ্ধ জামায়াতের ইউনিয়ন শাখার আমির জাহাঙ্গীর আলমকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ধানদিয়া ইউনিয়নের কয়লার মোড়ে একটি বিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জাহাঙ্গীর উপজেলার জয়নগর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কলারোয়া সিংহলাল ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক।
কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) হারাধন কুণ্ডুর ভাষ্য অনুযায়ী, গতকাল বেলা একটার দিকে তাঁরা জানতে পারেন, জয়নগর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি মেহেদি হাসান ওরফে জজ মিয়া হত্যা মামলার সাত-আটজন পলাতক আসামি কলারোয়া-ধানদিয়া সড়কের কয়লার মোড়ে একটি রাইসমিলের কাছে বিলের ভেতর গোপন বৈঠক করছেন। পরে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। ঘটনাস্থলে পৌঁছানোমাত্র বৈঠককারীরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে তিনটি বোমার বিস্ফোরণ ঘটান। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তাঁরা পালিয়ে যান। তবে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর জাহাঙ্গীর আলমকে প্রথমে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, জাহাঙ্গীরের বাঁ পায়ের ঊরুতে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
এদিকে গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম দাবি করেন, বেলা একটার দিকে হঠাৎ করেই পুলিশ তাঁর মাদ্রাসায় যায়। এ সময় আতঙ্কে তিনি দৌড়ে একটি বাড়ির ভেতর পালান। পরে পুলিশ পেছন থেকে তাঁর ওপর গুলি চালায়।