চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রায় চার হাজার ৮০০ বন্দী কলিং রাইটারদের হাতে জিম্মি হয়ে আছেন। স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, জামিনে মুক্তি, আদালতে হাজিরা দিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্দীদের। টাকা ছাড়া কলিং রাইটাররা বন্দীদের সাক্ষাতের জন্য ডাকেন না বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ছগির মিয়া প্রথম আলোকে বলেন, বন্দীদের সাক্ষাৎ, আদালতে হাজিরা ও জামিননামা আসা বন্দীদের ডিজিটাল ট্যানয় সিস্টেমের মাধ্যমে কার্যালয়ে বসে কারা কর্মকর্তারা ঘোষণা দিলে সহজে বন্দীদের হাজির করা যায়। কিন্তু মেশিনটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। ফলে কলিং রাইটারদের মাধ্যমে বন্দীদের খুঁজে বের করে আনতে হয়। এতে অনেক সময়ের অপচয় হয়।
কলিং রাইটাররা বন্দীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে ছগির মিয়া বলেন, কোনো বন্দী অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মাস দুয়েক পর পর কলিং রাইটারদের বদলি করা হয়।
জেলার ফটিকছড়ির একটি নারী নির্যাতন মামলার আসামি রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তাঁর ভাই কামরুল ইসলাম। কারা ফটকে তিনি প্রথম আলোকে বলেন, এক বছর ধরে কারাগারে আছেন তাঁর ভাই। সকালে সাক্ষাৎ করতে এলেও বেলা সাড়ে তিনটায় সাক্ষাৎ মেলে। রাইটারদের বাড়তি টাকা না দেওয়ায় তাঁর ভাইকে সাক্ষাৎ-কক্ষে আনতে দেরি করে।
অভিযোগ রয়েছে, কলিং রাইটাররা বন্দীদের কাছ থেকে সাক্ষাতের কথা বলে ৫০ থেকে ৫০০ টাকা হাতিয়ে নেন। স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে ব্যাকুল বন্দীরাও নিরুপায় হয়ে কলিং রাইটারদের চাহিদামতো টাকা দিয়ে দেন।
পটিয়া থানার ডাকাতিসহ কয়েকটি মামলায় চার বছর ধরে কারাগারে আটক আছেন দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে এলে তিনি জানান, কলিং রাইটারদের খুশি না করলে তাঁরা সাক্ষাৎ, আদালতে হাজিরা ও জামিননামা এলে নানা অজুহাতে টাকা নেন। টাকা না দিলে ডাকতে দেরি করেন।
কারা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলাল, শাহাদাত, জুবায়ের, সাজুসহ কারাগারে বর্তমানে ২৩ জন কলিং রাইটার রয়েছেন। সাজাপ্রাপ্ত কয়েদিদের কলিং রাইটারের দায়িত্ব দেয় কারা কর্তৃপক্ষ। বন্দীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগটি অস্বীকার করেন কলিং রাইটার বেলাল। নগরের খুলশী থানার একটি মামলায় বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে এলে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘কারও কাছ থেকে টাকা নিই না। কেউ খুশি হয়ে দিলে সেটা আলাদা বিষয়।’
চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগারে প্রায় চার হাজার ৮০০ বন্দী রয়েছেন। এর মধ্যে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন বন্দীর জামিননামা আসে আদালত থেকে। কারাগারে আটক বন্দীদের স্বজনেরা সাক্ষাৎ করতে আসেন দৈনিক গড়ে ১০০ থেকে ১৫০ জন। ১২ একর জায়গার ওপর নির্মিত ছয়টি ভবনের ১২০টি ওয়ার্ডে থাকা এবং ডিভিশন, সেল ও মহিলা ওয়ার্ডের বন্দীদের বের করে আনা কঠিন হয়ে পড়ে। কলিং রাইটার মারফত স্লিপ দিয়ে বন্দীদের খুঁজে আনতে হয়।
২০০৭ সালে কারা সংস্কারের অংশ হিসেবে ডিজিটাল ট্যানয় সিস্টেমটি চট্টগ্রাম কারাগারে বসানো হয়েছিল।