কলিমাজানীতে সেতু নেই, দুর্ভোগে ২৫ হাজার মানুষ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কলিমাজানী এলাকায় লৌহজং নদে সেতু না থাকায় আশপাশের তিন ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসী বর্ষা মৌসুমে নৌকায় ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হয়।
এলাকাবাসী জানান, উপজেলার গোড়াই, বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ গোড়াই ইউনিয়নের কলিমাজানী এলাকা দিয়ে চলাচল করে। তারা উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য নদী পার হয়ে হেঁটে বা মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পোতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া বা সোহাগপুর এলাকায় উঠে গন্তব্যে যায়। এ ছাড়া স্থানীয় পথহারা ও কলিমাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানাশাল উচ্চবিদ্যালয়, রাজাবাড়ি কলেজ ও রাজাবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ওই এলাকা দিয়ে চলাচল করতে হয়। কিন্তু নদীর ওপর সেতু না থাকায় তাঁরা ঝুঁকি নিয়ে নদী পার হয়। কলিমাজানীসহ আশপাশের গোড়ামারা, বহুরিয়া, পথহারা, ভাওড়া, কামারপাড়া, হাড়িয়া, চামুটিয়াসহ কয়েকটি গ্রামের কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য যথাসময়ে বাজারে নিতে পারেন না। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতির শিকার হন।
একই গ্রামের চঞ্চল সিকদার বলেন, নদীর দক্ষিণ পাশে তাঁর সবজির খেত রয়েছে। নদীতে সেতু না থাকায় খেত থেকে সবজি তুলে সময়মতো বাজারে নিতে পারেন না। এতে তাঁদের লোকসান হচ্ছে।
কলিমাজানী গ্রামের শাজাহান মিয়া (৬০) বলেন, ‘বুদ্ধি অওয়ার পর থিক্যা আমাগো এই দুরবস্থা। কেউ অসুখ অইলে হাসপাতালে নিওনের আগে আরও বেশি অসুখ অয়। ভ্যান দিয়া এক বস্তা চ্যাল (চাউল) উপার নিবার চ্যাইলে মনে অই যে খাওয়া বাদ দিয়্যা দিই। এই অইলো আমাগো পোড়া কপাল। মেলাদিন (অনেক দিন) অইছে খালি হুনি (শুনি) ব্রিজ অইবো। কিন্তু তার তো নমুনা দেহি ন্যা।’
ওই এলাকার ভাড়ায় চলিত মোটরসাইকেলের চালক বাবু মিয়া বলেন, বাঁশের সাঁকো কিংবা খেয়া নৌকায় মোটরসাইকেল পারাপার করতে হয়। এতে নদীতে যেকোনো সময় মোটরসাইকেল পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।’
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মির্জাপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. ফিরোজ রেজা জানান, লৌহজং নদের কলিমাজানী এলাকায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৯৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষাসহ সব তথ্য সংগ্রহ করা হয়েছে। সেতুটি নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।