প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সব বিচারককে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জনগণ তাদের মৌলিক অধিকার ও ন্যায়বিচার পেতে আদালতের শরণাপন্ন হয়। জনগণ যাতে ন্যায়বিচার পায়—আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের সে ব্যাপারে সজাগ হতে হবে। কলুষমুক্ত আইনের শাসন দিয়ে আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে হবে।গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের পটিয়ার যুগ্ম জেলা জজ আদালতের আইনজীবী ভবনে পটিয়া আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা সভায় প্রধান বিচারপতি এ কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, ‘আমরা রুলস অব অর্ডার অনেকটাই মানি না। যেমন, কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই।’ তিনি বলেন, সময়মতো আদালতে হাজির হয়ে ধৈর্যের সঙ্গে বিচারপ্রার্থীদের আবেদন শুনে বিচারকাজ নিষ্পত্তি করতে হবে।প্রধান বিচারপতি আরও বলেন, খুবই দুঃখের কথা যে বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে ১৩০ বছরের জরাজীর্ণ পটিয়া আদালত ভবনে বিচারকদের কাজ করতে হচ্ছে। তিনি পটিয়া যুগ্ম জেলা আদালত ভবন নির্মাণ, বিচারকদের আবাসনসংকট নিরসনসহ বারের বিভিন্ন সমস্যার কথা শুনে উন্নয়নের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।পটিয়া বারের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা দায়রা জজ আবদুল কুদ্দুছ মিয়া, চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাকের হোসেন, পটিয়া যুগ্ম জেলা জজ এ কে এম মোজাম্মেল হোসেন চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন, আইনজীবী বদিউল আলম, শাহজাহান উদ্দীন, নুরুল ইসলাম প্রমুখ।